পৃষ্ঠাসমূহ

Greek Myth লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Greek Myth লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

ইডিপাস: যার জীবনের শেষ সুরটি ছিল বিষাদের ...(পর্ব - ০১)

ইডিপাস। গ্রিক উপকথার থিবসের রাজা-যিনি নিষ্ঠুর নিয়তির ঘূর্ণিপাকে পতিত হয়ে ভোগ করেছিলেন তীব্র মানসিক যন্ত্রণা । বিবেকের তাড়নায় নিজেকে অন্ধ করে ফেলেছিলেন। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত যে - কোনও কোনও মানুষ না চাইলেও অন্ধ নিয়তির ইঙ্গিতে পাপে লিপ্ত হয় এবং দেবতা সেই পাপাচারের শাস্তিও দেন। ইডিপাস-এর বিয়োগান্তক কাহিনী যেন তারই উজ্জ্বল নিদর্শন। ইডিপাস-এর এই বিয়োগান্তক কাহিনীর আকর্ষন এতই তীব্র যে প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লেস (খ্রিস্টপূর্ব ৪৯৬-৪০৬) থেকে আরম্ভ করে বিংশ শতকের মনঃবিশ্লেষক সিগমন্ড ফ্রয়েড (১৮৫৬-১৯৩৯) অবধি বিয়োগান্তক আখ্যানটি ব্যবহার করেছেন । মনে রাখতে হবে এই ট্র্যাজিক উপাখ্যানটির কিন্তু নানা ভাষ্য রয়েছে। আমি কেবল বোঝার সুবিধার্থে একটিই গ্রহন করেছি ...সামানও রংও চড়িয়েছি ...

ইডিপাস-এর বিয়োগান্তক কাহিনীটি আবর্তিত হয়েছিল প্রাচীন গ্রিসের থিবস নগরীতে।
(থিবস নগরী প্রতিষ্ঠা করেছিলেন ফিনিসিয় রাজপুত্র ক্যাডমাস। ক্যাডমাস এর বোন ইউরোপাকে হরণ করেছিল দেবতা জিউস। ক্যাডমাস তার কে খুঁজছিল। দেবতা অ্যাপোলোর উপাসনালটি রয়েছে ডেলফাই তে । সেখানে দৈববাণী শোনার জন্য ক্যাডমাস যায়। দৈববাণীতে ইউরোপার সন্ধান না করে বরং একটি নগর প্রতিষ্ঠা করতে বলা হয়। উল্লেখ্য, একই নামে প্রাচীন মিশরেও একটি নগর ছিল।)

ক্যাডমাস এর বংশধর লাইয়াস ছিলেন থিবস নগরের রাজা । রানীর নাম জোকাস্টা। রাজদম্পতি নিঃসন্তান ছিলেন। সেকালে দৈববাণী শোনার জন্য ডেলফাই তে অবস্থিত দেবতা অ্যাপোলোর উপাসনালয়ে যাওয়ার চল ছিল । দৈববাণী করে পুরুষ নয়, নারী পুরোহিতরা-এদের বলে পিথিয়া। থিবস এর রাজদম্পতি সন্তানহীনতার কথা বলা হল। পিথিয়ার মাধ্যমে ভয়ানক এক দৈববাণী হল: লাইয়াস এর ছেলে হবে এবং সে ছেলে লাইয়াস কে খুন করে জোকাস্টা কে বিয়ে করবে।

দৈববানী শুনে রাজকীয় পরিবারের সবাই এবং থিবস এর জনগন দারুন বিমর্ষ হয়ে পড়ল। যা হোক। জোকাস্টার এক ছেলে হল! হলে কী হবে। রাজা লাইয়াস নবজাতকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন বলে কঠিন সিদ্ধান্ত নিলেন। (এই কঠিন সিদ্ধান্তের প্রতি রানী জোকাস্টার কী প্রতিক্রিয়া ছিল; বড় জানতে ইচ্ছে করে।)
এক বিশ্বস্ত দাসকে ডেকে রাজা লাইয়াস বললেন, এটাকে সাইথিরন পাহাড়ে ফেলে রেখে আয়।
ধরা যাক সেই দাসের নাম ডায়োমিডিস। ডায়োমিডিস বলল, এক্ষুণি যাচ্ছি প্রভু।
আর শোন।
বলুন প্রভূ।
প্রান্তরে ফেলে এটার দুই পায়ে তীক্ষ্ম শলাকা প্রবিষ্ট করবি।
আমি তাইই করব প্রভু। ডায়োমিডিস বলল।
ডায়োমিডিস নবজাতককে কাপড়ে মুড়িয়ে সাইথিরন পাহাড়ে নিয়ে আসে। চারিদিকে ঘন অরণ্য, রুক্ষ প্রান্তর; ডায়োমিডিস নবজাতককে রুক্ষ প্রান্তরে ফেলে এবং কচি পায়ে শলাকা বিদ্ধ করে। নবজাতকের আর্ত চিৎকারে বনভূমি কেঁপে ওঠে। ডায়োমিডিস নবজাতককে ফেলে রেখে চলে যায়। 

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

গ্রীক মিথের ভিলেনগণ (পর্ব - ০৩)

গ্রীক মিথের কাহিনীগুলো আমাদের সবারই কমবেশি জানা আছে । এবার পরিচিত হয়ে নিন ভয়ংকর কিছু দানবদের সাথে । এদেরকে মূলত দেবতারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহার করতেন । কাজ শেষ আবার ধ্বংসও করে ফেলতেন । প্রাচীন গ্রীকের কয়েকটি কমন চরিত্র তুলে আনার চেষ্টা ।

Hydra
হাইড্রা জিউসের প্রাচীন সার্ভেন্ট । জলদানব, নয়মাথা বিশিষ্ট সরীসৃপ ট্রেইটস । বলা হয়ে থাকে হাইড্রার এক মাথা কাটা পড়লে সে জায়গায় দুই মাথা গজায় । মানে দিগুণ হারে বৃদ্ধি । এর নিঃশ্বাস এতই বিষাক্ত যে, আশে পাশে কেউ ঘেঁষতে পারেনা । লেরনা লেকের নিচে আরগলিক রাজ্যের গার্ডিয়ান হচ্ছে হাইড্রা । বারোজন সঙ্গী নিয়ে হেরাক্লেস হাইড্রাকে কর্তন করতে রওনা দেয় । লেরনা লেকের নিকটে এসে হেরাক্লেস আর তার সঙ্গীরা বিষাক্ত পয়জন থেকে বাঁচতে কাপড় দিয়ে ভালো করে নাকমুখ পেঁচিয়ে নেয় । তারপর ওরা হাইড্রার মুখোমুখি হয় । সঙ্গীরা প্রত্যেকটি মাথা লক্ষ্য করে জ্বলন্ত তীর ছুঁড়তে থাকে । এইফাঁকে হেরাক্লেস তার স্পেশাল হারভেস্টিং চেইন আর সোর্ড দিয়ে হাইড্রাকে প্রতিহত করার চেষ্টা করে । কিন্তু বেশিক্ষণ পেরে ওঠেনা । যখনই হেরাক্লেস হাইড্রার একটা মাথা কাটে সঙ্গে সঙ্গে আরো দুই মাথা গজিয়ে যায় । হেরাক্লেস কাটতে কাটতে দেখে আর মাত্র দুই মাথা বাকি । কিন্তু এই পর্যন্ত এসে আর পারেনা সে । এরই মধ্যে অন্যমাথাগুলো গজিয়ে যায় । হাইড্রার একমাত্র দুর্বলতা হচ্ছে, কিছুতেই তাকে এক মাথাওয়ালা হতে দেওয়া যাবেনা নইলে হত্যা করাটা দুর্ভেদ্য হয়ে পড়বে । তো যখন হেরাক্লেস ক্লান্ত হয়ে পড়ল সে তার ভাতিজাকে ডাকল । ভাতিজা বুদ্ধি দিলো মাথা কাটার পর জ্বলন্ত কয়লা দিয়ে পুড়িয়ে দেওয়ার, যাতে আর না গজাতে পারে । সেই অনুযায়ী হেরাক্লেস আর তার ভাতিজা মিলে হাইড্রার একটা করে মাথা কাটে আর সে জায়গাটা পুড়িয়ে দিতে থাকে । এভাবে হাইড্রা হেরাক্লেস দ্বারা ধ্বংস হয় ।

Minotaur
মাইনোটরকে বলা হয় মহিষের মাথাবিশিষ্ট মানুষখেকো দানব । প্রাচীন গ্রীকের অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড় । রাজা মাইনস মাইনোটর থেকে তাঁর রাজ্য ও প্রজাদের ডিফেন্ড করতে ডিডেলাস আর তার পুত্র ইকারুসকে নির্দেশ দেন একটা গোলকধাঁধা তৈরি করতে । ক্রেটান লেবিরিন্থ নামক সেই গোলকধাঁধার সেন্টারে আটকা পড়ে যায় দানবটি । পরবর্তীতে কিং মাইনস তাঁর সহোদরকে সিংহাসনের অধিকার দেন । মেনে নেন ভাইয়ের শাসন । মাইনস দেবতা পোসেইডনকে অনুরোধ করেন সাইন অফ সাপোর্ট হিসেবে তাঁকে যেন একটা সাদা ষাঁড় পাঠানো হয় । কথামত একটা ষাঁড় পাঠানো হল কিন্তু এর সৌন্দর্যতার কারণে মাইনস সেটিকে আর উৎসর্গ করলেন না । মনে মনে ভাবলেন পোসেইডন কিছু মনে করবেনা যদি তিনি এটার বদলে তাঁর পোষা ষাঁড়গুলো থেকে একটি উৎসর্গ করেন । তাই মাইনসকে শাস্তি দিতে ভবিষ্যৎদ্রষ্টা আফ্রদ্যিতি সৃষ্টি করেন সুন্দরী পেসিফিকে । মাইনসের স্ত্রী পেসিফি হোয়াইট বুলের সৌন্দর্যের প্রেমে পড়ে যান । হিংস্র মাইনোটর ছিলো পেসিফির সন্তান ! পেসিফি মাতৃস্নেহ দিয়ে তাকে বড় করে তুলেন । কিন্তু সে বড় হয়ে হিংস্র ও বন্য বনে যায় । সে ছিলো মানুষ এবং পশুর আনন্যাচারাল সংকর । পড়ে মাইনস ডেলফির দৈববাণী অনুযায়ী একটা বিশাল লেবিরিন্থ তৈরি করান । পরে অবশ্য থেসিউস স্বেচ্ছাসেবক হয়ে মাইনটোরকে হত্যা করে ।

Scylla and Charybdis
স্কাইলা আর চেরিবডিস একত্রে সমুদ্র নিচে অতল গুহায় থাকতো । স্কাইলা ছিল ছয়মাথা বিশিষ্ট রক শোলের মত কুৎসিত একটা মনস্টার । সাগরের ঝড় ঝঞ্ঝা এবং নানা প্রতিকূলতার জন্য দায়ী করা হয় স্কাইলা ও চেরিবডিসকে । তারা খুবই ক্লোজ থাকতো । ফলে স্কাইলাকে ফাঁকি দিতে পারলেও চেরিবডিসকে ফাঁকি দেওয়া সম্ভব হয়না । একপক্ষকে ফাঁকি দেয়া মানে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়া । চেরিবডিস সাগরে একটা ম্যাগনেটিক ফোর্স সৃষ্টি করে, যা সবকিছু টেনে নিয়ে যেতে থাকে অভিমুখের দিকে । ক্র্যাকেন কে ওদের জ্ঞাতিভাই বলা হয় ।

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

গ্রীক মিথের ভিলেনগণ (পর্ব - ০২)

গ্রীক মিথের কাহিনীগুলো আমাদের সবারই কমবেশি জানা আছে । এবার পরিচিত হয়ে নিন ভয়ংকর কিছু দানবদের সাথে । এদেরকে মূলত দেবতারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহার করতেন । কাজ শেষ আবার ধ্বংসও করে ফেলতেন । প্রাচীন গ্রীকের কয়েকটি কমন চরিত্র তুলে আনার চেষ্টা । 

Cyclopes
বিশাল মাথা, কপালে একটামাত্র চোখ । এ হলো গিয়ে সাইক্লোপস । সাইক্লোপসকে বলা হয় ‘ঠান্ডারবোল্টস অব জিউস’ । সাইক্লোপস আসলে একটি ব্যাক্তিসতন্ত্রের নাম নয়, বরং দানবদের প্রিমরডিয়াল রেইসের একটা গ্রুপের নাম । প্রত্যেকেরই একটা করে চোখ, সাইক্লোপস এর মানে হচ্ছে বৃত্তাকার চোখ । বিভিন্ন গ্রীক সাহিত্যিকেরা একে বিভিন্ন ভাবে উপস্থাপন করেন ।
হেসিওড বলেন, নিষ্ঠুর পলিফেমাস, সাইক্লোপস আর পসেইডনের পুত্র একটি দ্বীপে একসাথে বসবাস করত । সেখানেই জিউসের আদেশে ওডেসাস ওকে অন্ধ করে দেয় ।
হোমারের মতে, দেবতা জিউস টারটারাসের ডার্ক পিট থেকে তিনটা সাইক্লোপসকে মুক্ত করেন । আরানুস এবং তার পুত্র আর গইয়া । তারা একাধারে জিউসের জন্য বজ্রপাত সৃষ্টি করত, হেডিসের অদৃষ্ট হেলমেট আর পোসেইডনের ত্রিশূল হিসেবে ব্যবহৃত হত ।
রোমান এপিক কবি ভার্জিল তার দ্যা থ্রি অফ দি এ্যনেইড বইতে লিখেন, কিভাবে এনিয়াস এবং তার ক্রুরা ট্রয়ের ট্রোজান যুদ্ধের শেষে পালিয়ে এসে সাইক্লোপসদের দ্বীপে গিয়ে আশ্রয় নেয় ।
অনেকে আবার মনে করে সাইক্লোপস মিথটি মূলত দাঁড়া করানো হয়েছে একটি বহু আগের একটি ঘটনার দ্বারা । ১৯১৪ সালে Paleontologist ওথেনিয় আবেল অনুসন্ধান করতে করতে একটি মানুষের মাথার দিগুণ সাইজের স্কাল খুঁজে পান । পরে দেখা যায় স্কালটি একটি ডয়ার্ফ এলিফেন্টের ।

Gorgons
গর্গনস গ্রীক মিথলজির সবচেয়ে ভয়ংকর, কুৎসিত দানব, পৃথিবীর শেষপ্রান্তে বসবাস করতো । গ্রীকশব্দ Gorgos থেকে Gorgons এর উৎপত্তি যার অর্থ দাঁড়ায় Dreadful । গ্রীক লিটারেচার বলে এই টার্ম ওদের তিন বোনের যে কাউকেই নির্দেশ করে । তিনজনেরই আছে জীবন্ত সর্পকেশ- যেগুলো আবার পৃথিবীর যেকোনো বিষধরকে হার মানিয়ে দিতে পারে, এবং ভয়ংকর ভিসেজ আর সম্মোহনবিদ্যা যা যে কাউকেই মুহূর্তের মাঝে নিরেট পাথরে পরিণত করে দিতে পারে । তিনবোনের মাঝে মেডিউসা ছাড়া স্থেনো আর ইউরায়েলি ছিলো ইমমর্টাল । পরবর্তীতে জিউসপুত্র পারসিউস মেডিউসাকে কৌশলে পরাস্ত করে ।
গর্গনসদের বিচ্ছুরিত চোখের ফ্ল্যাশকে বলা হয় ‘দ্যা ডিভাইন আইস’ । এ চোখকে তুলনা করা হয় দেবী এথেনার পবিত্র পেঁচার চোখের সাথে । ক্লাসিক্যাল মিথ বলে গর্গনসরা ছিল বিশেষ শক্তির অধিকারী । তাদের কুৎসিত জিহ্বা শিকারের উত্তেজনায় স্টিকিং করলেই ওয়ার্স বেরিয়ে আসে, তাদের চক্ষুকে বলা হয় ইভিল আই । হিন্দু মিথলজির দেবী কালীর সাথে এদের আবার মিল পাওয়া যায়; স্টিকিং টাং, মাথায় সাপ প্যাঁচানো ইত্যাদি ।

(চলবে)           

রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

গ্রীক মিথের ভিলেনগণ (পর্ব - ০১)

গ্রীক মিথের কাহিনীগুলো আমাদের সবারই কমবেশি জানা আছে । এবার পরিচিত হয়ে নিন ভয়ংকর কিছু দানবদের সাথে । এদেরকে মূলত দেবতারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহার করতেন । কাজ শেষ আবার ধ্বংসও করে ফেলতেন । প্রাচীন গ্রীকের কয়েকটি কমন চরিত্র তুলে আনার চেষ্টা ।

Argus
আর্গুস হচ্ছে গ্রীক মিথের একটা ভয়ংকর দানবের নাম । যার সারা শরীর জুড়ে মিট মিট করে একশত চোখ, সারা শরীরে একশো চোখ নিয়ে দেবী হেরার গার্ড হিসেবে ভূমিকা পালন করে আর্গুস । এরেস্টরের পুত্র আর্গুস এর পদবী হচ্ছে ‘গার্ডিয়ান অফ দি হেইফার নিম্প লো । বলা হয়ে থাকে আর্গুসের চোখে কোনদিন ঘুম তো দূরের কথা তন্দ্রাও আসে না, একটা মাছিও ওর চোখকে ফাঁকি দেবার উপায় নেই । হেরা তাকে জব দেয় একিডনা নামক একটা মনস্টার, সর্পমানবী যে কিনা অর্ধেক সাপ অর্ধেক মানুষ তাকে হত্যা করার । কিন্তু আর্গুস হচ্ছে জিউস কতৃক নিয়োজিত হোয়াইট হেইফারের গার্ড, যেখানে ওর কাজ হচ্ছে দৃষ্টি রাখা যেন লো পালাতে না পারে । আর্গুস একিডনাকে হত্যা না করে বন্দী করে রাখে নেমিয়ার জলপাই গাছের নিচে । এদিকে হেরা আগে থেকেই জানতো হেফার রাজ্য থেকে নিম্প লো পালানোর পরিকল্পনা করছিলো । জিউসও এদিকে আর পেরে উঠতে না পেরে অবশেষে মনস্থির করে লো কে মুক্ত করে দেবার । তাই হেরমেস নামক এক ঘাতক কে নির্দেশ দেওয়া হয় আর্গুস কে হত্যা করে ফেলার জন্য । হেরমেস পাথর দ্বারা একটা একটা করে আর্গুসের সবকটা চোখ খুলে নেয় । পরে দেবী হেরা তার প্রিয় ময়ূরপঙ্খীর লেজ আর্গুসের চোখ দ্বারা সুসজ্জিত করেন ।

Cerberus
কারবেরাস হচ্ছে একটা বিরাট দানব আকৃতির তিন মাথার কুকুর । সম্ভবত হ্যারি পটারের প্রথম বইটিতে এর উল্লেখ আছে । টাইফূন আর একিডনার স্পিরিট বলা হয় কারবেরাসকে । টাইফূনও একটা ভয়ংকর ফায়ার ব্রীথিং মনস্টার যার শ্বাস প্রশ্বাসের সাথে নীল আগুন উঠানামা করে । এমনকি দেবতারাও তাকে সহজে চটাতে চাইতেন না ।
দেবতা অরথ্রাস খুবই ভয় পেতেন কারবেরাসকে, তাঁর মতে ইটস আ টু হেডেড হেলহাউন্ড । কারবেরাসের অতিরিক্ত দু মাথাকে মনে করা হত নরকের অগ্নিভূক । কারবেরাসের তিন মাথার বৈশিষ্ট্য হচ্ছে, তিন মাথাই একসাথে সবকিছু রেসপন্ড করবে এবং তিন মাথা ক্রমান্বয়ে রিপ্রেজেন্ট করে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একই সাথে আরেকটি সোর্স এই তিন মাথার জাজ অনুযায়ী রিপ্রেজেন্ট করে জন্ম, নবযৌবন এবং যৌবনহীনা মানে বৃদ্ধ আর কি । প্রত্যেকটি মাথার ক্ষুদা মিটে জীবিত মাংস আর উষ্ণ রক্ত দ্বারা এবং অসহায় ভিক্টিমের আত্না মুক্ত হয়ে প্রবেশ করে এমন এক আন্ডারওয়ার্ল্ডে যেখান থেকে কেউই মুক্তি পায়না । সেখানে কারো আত্না নবযৌবন পাবে, কেউবা মাত্র জন্মাবে আর হতভাগা কেউ বৃদ্ধ হয়েই কাটাবে আজীবন । এই আন্ডারওয়ার্ল্ডের কারারক্ষীও কারবেরাস । শিকার যাতে কিছুতেই বের হতে না পারে সেদিকে বিশেষ লক্ষ্য রাখে । এই ভয়ংকর দানব কারবেরাস শেষ পর্যন্ত কার হাতে পতিত হয় জানেন? জিউসপুত্র হাফগড হারকিউলিস !! হারকিউলিস স্পেশাল ওয়েপন দিয়ে কারবেরাসকে ধ্বংস করে ।

(চলবে)

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

গ্রীক ট্রাজেডীঃ ইলেক্ট্রার প্রতিশোধ

গ্রীক পুরান অনুযায়ী ইলেক্ট্রা হলো মাইসিনির রাজা অগমেনন এবং রানী ক্লাইটেমনেস্ট্রার কন্যা। রাজা অগমেনন ছিলেন ট্রয় যুদ্ধে গ্রীকদের প্রধান সেনাপতি । ট্রয় যুদ্ধে যাবার আগে অগমেনন তার বড় মেয়ে ইফিগেনিয়াকে দেবী এথেনার উদ্দেশ্যে উৎসর্গ করে ,এই ঘটনায় অগমেননের স্ত্রী ক্ষুব্ধ হয় , এবং তার মধ্যে প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে । অগমেনন যখন ট্রয় যুদ্ধে যায় তখন রানী ক্লাইটেমনেস্ট্রার সাথে অগিস্থাসের প্রেম গড়ে ওঠে । রাজা অগমেনন যখন ট্রয় যুদ্ধ থেকে ফিরে আসে , তখন রানী ক্লাইটেমনেস্ট্রার ষড়যন্ত্রে অগিস্থাস অগমেননকে হত্যা করে। এবং অগিস্থাস সিংহাসনে বসে । সিংহাসনে বসার পরই অগিস্থাস অগমেননের পুত্র অরিস্টিসকে হত্যা করার সিদ্ধান্ত নেয় , কারন অরিস্টিস বড় হয়ে তার পিতা হত্যার প্রতিশোধ নিতে পারে । 
অগমেননের কন্যা , অগিস্থাসের এই ষড়যন্ত্রের কথা জানতে পারে , এ জন্য সে কৌশলে তার ভাই অরিস্টিসকে পার্শবর্তী রাস্ট্রের রাজা স্ট্রফিয়াসের কাছে পাঠিয়ে দেয় । এবং অপেক্ষায় থাকে তার ভাই একদিন ফিরে আসবে , এবং তার সহযোগীতায় পিতৃহত্যার প্রতিশোধ নেবে।
ইলেক্ট্রা এক বিশ্বস্ত বার্তাবাহকের মাধ্যমে ,তার ভাই অরিস্টিসের সাথে যোগাযোগ রাখে , এবং বারবার প্রতিশোধের কথা মনে করিয়ে দেয় । অরিস্টিস আর স্ট্রফিয়াসের পুত্র পেইলেডস দুজন একসাথে বেড়ে উঠতে থাকে।
এদিকে অগিস্থাস , ইলেক্ট্রাকে নিয়ে চিন্তিত হয়ে পরে , তার বিশ্বাস ইলেক্ট্রাকে যদি বিয়ে দেয়া হয় , সেই নিশ্চয়ই তার সন্তান দিয়ে প্রতিশোধ নেয়ার চেস্টা করবে , এবং হয়তো ইলেক্ট্রার পুত্র সিংহাসনে বসার চেস্টা করবে । যদিও অগিস্থাস অনেক আগেই ইলেক্ট্রাকে হত্যা করতে চেয়েছিলো , কিন্তু ক্লাইটেমনেস্ট্রা বিরোধিতায় সেটা আর সম্ভব হয়না । 
অবশেষ , ক্লাইটেমনেস্ট্রা এবং অগিস্থাস চালাকি করে ইলেক্ট্রাকে একজন সাধারণ কৃষকের সাথে বিয়ে দেয় ,
কারন তাদের ধারনা ছিলো একজন কৃষকের ঔরষজাত সন্তান কখনোই সিংহাসন বা প্রতিশোধের চিন্তা করার সাহস পাবেনা।
কৃষকের সাথে বিয়ে হলেও , ইলেক্ট্রা সেই কৃষকের সাথে মিলিত হওয়া থেকে বিরত থাকে , বলতে গেলে তাদের বিয়ে শুধু নামেই বিয়ে ছিলো । 
এদিকে , ইলক্ট্রার ভাই ,অরিস্টিস, পেইলেডসের সাথে পরামর্শ করে প্রতিশোধের পরিকল্পনা করতে থাকে । কথিত আছে যে , অরিস্টিস দেবতা এপোলোর কাছ থেকে প্রতিশোধের উৎসাহ পায়। 
পূর্বপরিকল্পনা অনুযায়ী , অরিস্টিস মাইসিনিতে প্রবেশ করে , যদিও আসল রূপে নয় সে রাজা স্ট্রফিয়াসের দূত হিসেবে রাজ্যে প্রবেশ করে এবং একই সাথে বলে যে , অরিস্টিস মারা গেছে এবং একই সাথে একটি ছাইয়ের পাত্র দেয় এটা অরিস্টিসের মৃত দেহের ভষ্ম
এই খবরে অগিস্থাস অনেকখানি নিশ্চিত হয় এবং রানী ক্লাইটেমনেস্ট্রা কিছুটা হলেও ব্যাথিত হয়। 
এদিলে ইলেক্ট্রা যখন ভাইয়ের মৃত্যুর খবরে ভেঙ্গে পরে এবং তার ভাইয়ের কথিত ভষ্ম নিয়ে তার পিতা অগমেননের সমাধিতে গিয়ে শোক প্রকাশ করতে থাকে । এইসময় অরিস্টিসও ছদ্মবেশে অগমেননের সমাধিতে যায় এবং ইলেক্ট্রা তাকে চিনে ফেলে । 
ইলেক্ট্রা তার ছদ্মবেশী ভাই কে নিয়ে রাজপ্রাসাদে যায় , সেখানে গিয়ে প্রথমে অরিস্টিস , অগিস্থাসকে খুন করে , এবং এই খুনের দৃশ্য দেখে যখন তাদের মা ক্লাইটেমনেস্ট্রা এগিয়ে আসে , তখন ইলেক্ট্রার কথা মত অরিস্টিস , ক্লাইটেমনেস্ট্রাকেও খুন করে । 
মারা যাওয়ার সময় ক্লাইটেমনেস্ট্রা ,অরিস্টিসকে মাতৃহত্যার দায়ে অভিশপ্ত করে যায় । এবং পরবর্তীতে দেবতা এপোলোর মধ্যস্থতায় অরিস্টিস অভিশাপ মুক্ত হয় , এবং মাইসিনিস সিংহাসনে বসে । আর ইলেক্ট্রা , অরিস্টিসের বন্ধু রাজা স্ট্রফিয়াসের পুত্র পেইলেডসের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হয়।

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩

গ্রিক উপকথার সেই ‘এ্যামাজন’ নারী যোদ্ধারা (পর্ব - ০২)


রানী হিপ্পোলিটা যথা সময়ে একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই পুত্র সন্তানের নাম রাখা হল হিপপোলিটাস। রাজার মোহভঙ্গ হল। রাজা হিপ্পোলিটা কে বললেন, ‘এবার তুমি নরকে যাও।’ হিপ্পোলিটা মনে আঘাত পেলেন। ফিরে গেলেন এশিয়া মাইনরে এ্যামাজনদের রাজ্যে ।
এখানেই শেষ নয়।
রাজা থেসিয়াস বিয়ে করলেন ফেড্রাকে। কে ফেড্রা ? ফেড্রা ছিলেন ক্রিট দ্বীপের রাজা মিনোস এর কন্যা। এই মিনোসের নামেই ক্রিট দ্বীপের সভ্যতাকে বলা হয় মিনিয় সভ্যতা। যাক হোক। ঘটনা মোড় নিল অন্যদিকে। হিপপোলিটাস তখন কিশোর। কিশোর হিপপোলিটাস এর প্রেমে পড়লেন ফেড্রা । (উপকথা কেন এত লোকপ্রিয় তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে!) হিপপোলিটাস -ফেড্রার ভালোবাসা নিয়ে গ্রিক নাট্যকার ইউরিপিদেস নাটক লিখেছেন । দু-বার সে নাটক মঞ্চস্থ করেছেন এথেন্সের নাট্যশালায়। এমন কী শেকসপীয়ারের ‘আ মিডসামার নাইটস ড্রিম’ নাটকে আমরা রাজা থেসিয়াস আর রানী হিপ্পোলিটা দেখতে পাই।
গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস যাদের ‘পুরুষ খুনি’ বলেছেন, তারা আসলে কারা? গ্রিক উপকথার সেই ‘এ্যামাজন’ নারী যোদ্ধারা আসলে কারা? তারা কি সম্পূর্নতই উপকথারজাত? না, তাদের বাস্তবিক কোনও অস্তিত্ব ছিল?
বর্তমানকালের ঐতিহাসিকগন এই প্রশ্নের উত্তর দেওয়ার চেস্টা করেছেন। এশিয়া মাইনরে অবস্থিত কৃষ্ণসাগরের আশেপাশে গড়ে উঠেছিল সাইদিয় সভ্যতা। ৮০০ খ্রিস্টপূর্বে এদের অবস্থান সম্পর্কে গ্রিকরা সচেতন হয়। Scythians দের বাংলায় বলা হয় শক।
গ্রিক উপকথার সেই ‘এ্যামাজন’ নারী যোদ্ধারা আসলে শক নারী!
শক সভ্যতায় যে সক্রিয় নারীযোদ্ধা ছিল, তার প্রত্নতাত্ত্বিক প্রমান মিলেছে। শকদের সভ্যতার কেন্দ্র ছিল বর্তমানকালের ক্রিমিয়া। শক সমাধিক্ষেত্রে খনন কার্য চালিয়ে সশস্ত্র নারীর অস্তিত্ব মিলেছে। দেখেশুনে মনে হয় শকদের সৈন্যবাহিনীতে অন্তত ২৫% নারী যোদ্ধা ছিল। আর সেসব শক নারী যোদ্ধাদের ধনুকসহ সমাধিস্থ করা হত।
ক্রিমিয়ার অন্ঞ্চল; ৮০০ খ্রিস্টপূর্বে এখানেই উদ্ভব হয়েছিল সাইদিয় বা শক সভ্যতার। যাদের নারীযোদ্ধা ছিল। এদেরই গ্রিকরা নানা ভাবে বনর্না করেছে। যাদের কথা ইউরিপিদেস থেকে শেকসপীয়ার অবধি রচনায় উল্লেখ করেছেন।
কিন্তু কেন শকরা নারীরা যুদ্ধবিদ্যাকে অত সিরিয়াসলি গ্রহন করেছিল?
রুশ প্রত্নতাত্ত্বিক ভেরা কোভালেভস্কায়া এর উত্তর দিয়েছেন। কোভালেভস্কায়া মনে করেন শক পুরুষরা যুদ্ধ কিংবা শিকারের জন্য দূরবর্তী স্থানে দীর্ঘ সময় ধরে অবস্থান করত। যে কারণে যাযাবর শক নারীরা তাদের পশু ও চারণভূমি প্রতিরক্ষার্থে হাতে যুদ্ধাস্ত্র তুলে নেয়। সে সময়টায়, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৮০০ শতকের দিকে শকরা এশিয়ার দিকে অগ্রসর হচ্ছিল। ভেরা কোভালেভস্কায়া গবেষনা করে দেখেছেন এই প্রক্রিয়ায় একাধারে ২৮ বছর অবধি শক নারীদের একা পুরুষবিচ্ছিন্ন হয়ে থাকতে হত!
পুরুষশূন্য সেই সব শক নারীদের বিরুদ্ধে বিচ্ছিরি সব কল্পকাহিনী ছড়িয়েছে গ্রিস। (এখনও বাংলাদেশি সমাজে নারী একা থাকলে কত কথা ওঠে!) শকদের পুরুষবিহীন সমাজটি গ্রিকদের নারীরাজ্য মনে হতেই পারে। আর নারীদের নিয়ে মুখরোচক আলোচনার তো শেষ নেই। ‘এ্যামাজন’ বালিকাদের তীরধনুক ছোঁড়া শিখতে হত। ধনুক বাঁকাতে বুকে ডান দিকে চাপ পড়ে; যে কারণে বালিকার ডান স্তনটি তার মা পুড়িয়ে ফেলত। গ্রিক ভাষায় স্তনশূন্যতাকে বলে: এ্যামাজন। ইত্যাদি …ইত্যাদি …
পরিবারের প্রধান পুরুষ জীবিকার তাগিদে দীর্ঘকাল অনুপস্থিত থাকলে সেই পরিবারের বিপদশঙ্কুল পরিবেশে আত্মরক্ষার অধিকার তো আছে …কি বলেন …

সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

গ্রিক উপকথার সেই ‘এ্যামাজন’ নারী যোদ্ধারা (পর্ব - ০১)


এ্যামাজন নারীযোদ্ধা। সুদূর অতীতের কোথাও কি গড়ে উঠেছিল একটি নারীরাজ্য? যে নারীরাজ্যটিতে কেবল বাস করত নারীরা-যে নারীরাজ্যটি তে পুরুষের কোনওই অস্তিত্ব ছিল না। কী এর কারণ? যা আজও বিস্ময় ও কৌতূহলের সৃষ্টি করে চলেছে এবং অনেক প্রশ্নের জন্ম দেয়। কেন তারা গড়ে তুলেছিল পুরুষবিহীন রাষ্ট্র? সুন্দরী রক্তপিপাসু নারী যোদ্ধাদের কথা ইউরোপীয় উপকথায় রয়েছে। কেমন ছিল এ্যামাজন যোদ্ধা নারীরা ? ইউরোপীয় মননে এ্যামাজন নারীদের প্রভাব এতই গভীর যে স্পেনিশ অভিযাত্রী ফ্রানসিসকো দে ওরেলানা দক্ষিণ আমেরিকার সবচে বড় নদীটির নাম দিয়েছেন এ্যামাজন । কেন? কারণ সেই নদীর পাড়ে যুদ্ধংদেহী নারী যোদ্ধাদের মুখোমুখি হয়েছিলেন…
‘এ্যামাজন’ নারীরা যোদ্ধাদের কথা গ্রিক উপকথায় উল্লেখ আছে। গ্রিক উপকথামতে যুদ্ধের দেবতা আরেস ও সমুদ্রশঙ্খিনী (সি নিম্ফ) হারমোনিয়া থেকে ‘এ্যামাজন’ নারী যোদ্ধারা উদ্ভূত । তারা উপাসনা করত দেবী আর্তেমিসের।

কেবল উপকথা নয়, ঐতিহাসিক হিরোডোটাসও ‘এ্যামাজন’ নারীদের কথা উল্লেখ করেছেন। হিরোডোটাস এর মতে ‘এ্যামাজন’ নারী যোদ্ধারা পুরুষ খুনি! তারা বিরতিহীন ভাবে যুদ্ধ করেই যেত গ্রিক এবং অন্য জাতির বিরুদ্ধে। এই যুদ্ধকে গ্রিক ভাষায় বলা হয় Amazonomachy বা এ্যামাজন যুদ্ধ। ‘এ্যামাজন’ নারী যোদ্ধারা এমন কী ট্রয়যুদ্ধে অংশ নিয়েছিল। তারা ট্রয়ের পক্ষেই ছিল। ‘এ্যামাজন’ রানী কে হত্যা করেছিলেন গ্রিকবীর অ্যাকিলিস।
কিন্তু কোথায় ছিল ‘এ্যামাজন’ নারী যোদ্ধাদের রাজ্য?
এশিয়া মাইনরে অবস্থিত কৃষ্ণসাগর। গ্রিকরা মনে করত ‘এ্যামাজন’ নারী যোদ্ধাদের রাজ্যটি ছিল এই কৃষ্ণসাগরের তীরবর্তী অঞ্চলে।

এবার Amazon শব্দটির উদ্ভব বিষয়ে আলোচনা করা যাক।
এ্যামাজন নারীরা ছিল মূলত যোদ্ধা। সে কালে তীরধনুক ছিল অন্যতম যুদ্ধাস্ত্র। এ্যামাজন সমাজে মেয়েদের বালিকা বয়েস থেকেই হতে হত দক্ষ তীরন্দাজ । ধনুক বাঁকাতে বুকে ডান দিকে চাপ পড়ে; যে কারণে বালিকার ডান স্তনটি নাকি তার মা পুড়িয়ে ফেলত। গ্রিক ভাষায় স্তনশূন্যতাকে বলে: এ্যামাজন। a মানে, ছাড়া; আর mazos মানে স্তন। এটি অবশ্য লোকভাষ্য। এর কোনও ভিত্তি নেই। কেননা, বর্তমান কালে নারী তীরন্দাজের শরীর অন্তরায় নয়। তা ছাড়া এ্যামাজন বালিকাদের স্তন পোড়ানোর বিষয়টিকে বিশেষজ্ঞ অবশ্য অস্বীকার করেন। তারা বলেন যে এতে যে ক্ষতের সৃষ্টি হত সেটির চিকিৎসাকৌশল সেকালে আয়ত্ম সম্ভব ছিল না!
গ্রিক ভাষ্যমতে এ্যামাজন নারীদের সমাজ পুরুষশূন্য মাতৃতান্ত্রিক সমাজ । পরিশ্রমের কাজ করত দাসীরা। বছরে একবার প্রতিবেশী রাজ্যে যেত। উদ্দেশ্য যৌন মিলন। পুত্রসন্তান জন্মালে মেরে ফেলত কিংবা বাবার কাছে রেখে আসত। প্রথম তারাই ঘোড়াকে বশ মানিয়েছিল। তীরধনুক ছাড়াও যুদ্ধে ব্যবহার করত বর্শা ও কুঠার।
গ্রিক ভাষ্যমতে এ্যামাজন নারীদের সমাজ শাসিত হত একজন রানীর মাধ্যমে। রানী হিপ্পোলিটা ছিলেন একজন বিখ্যাত নারীশাসক। আমি বারবার গ্রিক ভাষ্যমতে বলছি । কেননা, উল্লিখিত তথ্যগুলির উৎস গ্রিক উপকথা ও ঐতিহাসিক হিরোডোটাস। পরে আমরা এ্যামাজন নারীদের বিষয়ে আধুনিককালের ঐতিহাসিকদের বক্তব্য উল্লেখ করব। যা হোক। এ্যামাজন রানী হিপ্পোলিটার বাবা ছিলেন যুদ্ধের দেবতা আরেস। আরেস কন্যাকে একটি যাদুময় কোমারবন্ধনী (গার্ডেল) উপহার দিয়েছিলেন। যা হোক। আমরা উপকথায় প্রবেশ করি। …থেসিয়াস ছিলেন পুরাকালের এথেন্স নগরীর একজন রাজা। তিনি গ্রিক উপকথার স্বর্গীয় বীর হেরাক্লেস কে এ্যামাজনদের বিরুদ্ধে সমরাভিযানে প্রেরণ করেছিলেন। সেই অভিযানে রাজা থেসিয়াস নিজেও অংশ গ্রহন ছিলেন। আসলে সেই অভিযানের পিছনে ছিল রানী হিপ্পোলিটার যাদুময় কোমারবন্ধনীর লোভ। যা হোক। এশিয়া মাইনরের কূলে রাজা থেসিয়াস এর জাহাজ ভিড়ল । ধরা যাক আজকের তুরস্কের উপকূলে। রাজা থেসিয়াস প্রথমেই আক্রমনাত্মক ভূমিকা অবলম্বন করলেন না । রানী হিপ্পোলিটা সন্তুষ্ট হয়ে হাজারো উপঢৌকন নিয়ে স্বয়ং গ্রিক জাহাজে এলেন। রানী হিপ্পোলিটা সম্ভত রূপবতী ছিলেন। কিংবা রাজা থেসিয়াস ছিলেন পুরুষ! জাহাজে উঠতেই জোর করে রানী হিপ্পোলিটা কে বিয়ে করে বসলেন রাজা থেসিয়াস । যাক বিয়ে করলেন! না করলেও পারতেন। জাহাজ ভেসে চলেছে পশ্চিমমূখি। জাহাজ যখন এথেন্স বন্দরে ভিড়ল ততদিনে রানী হিপ্পোলিটা গর্ভবতী। ওদিকে রাজা থেসিয়াস-এর এই জঘন্য অপকর্ম আরও একটি Amazonomachy-এর জন্ম দিল।
(চলবে)

রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

কিং মিডাস

গোলাপের দেশ ফ্রিজিয়া’র রাজা মিডাস’কে সবচে বিত্তশালী কয়েকজনের একজন ধরা হয়, যদিও তিনি তার বেশিরভাগ ধনসম্পদ ভোগ করতে পেরেছিলেন একদিনেরও কম সময় ধরে। তিনি যতোটা বিত্তশালী ছিলেন,
তারচে বেশি ছিলেন বোকা। তার বোকামি ছিলো মৃত্যুর মতো ভয়ানক, পাপের মতো মারাত্মক, তবে তা অন্যদের ক্ষতির কারণ ছিলো না কখনোই।
রাজা মিডাসের ছিলো বিশাল বিশাল গোলাপের বাগান সংযুক্ত এক প্রাসাদ। একদিন সেই বাগানের ভিতরে ইতঃস্তত ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধ সাইলেনাস – যিনি কিনা ডায়োনিসাসের (ব্যাক্কাস) আবাসস্থল থেকে বের হয়ে হারিয়ে গিয়েছিলেন। মিডাসের কিছু ভৃত্য গোলাপ বাগানের ভিতরে স্থুলকায় বৃদ্ধ সাইলেনাসকে মাতাল ও অর্ধঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে গোলাপের মালা দিয়ে বেঁধে ফেললো, মাথায় পরিয়ে দিলো ফুলডোর। এরপর সাইলেনাসকে ডেকে তুলে চরম কৌতুকের পাত্ররুপে নিয়ে গেলো মিডাসের কাছে। মিডাস তাকে চিনতে পেরে ভৃত্যদের বকাঝকা করে খুব আপ্যায়ন করলেন আর দশদিন পর তাকে ডায়োনিসাসের কাছে নিয়ে গ্যালেন। ডায়োনিসাস সাইলেনাসকে পেয়ে খুবই খুশি হলেন এবং মিডাসকে বললেন বর হিশেবে সে যা চাইবে তা দেয়া হবে। মিডাস কোনকিছু না ভেবেচিন্তে বললেন তিনি যা স্পর্শ করবেন তা-
ই য্যানো স্বর্ণ হয়ে যায়। বর দানের আগেই ডায়োনিসাস বুঝতে পেরেছিলেন এর ফল খুব বেশি ভালো হবে না। তারপরেও তিনি অনুমোদন করলেন, মিডাস ফ্রিজিয়ায় ফিরে গেলেন। ফ্রিজিয়ায় এসে যেই খাওয়ার জন্য খাবার হাতে নিলেন মিডাস, ওমনি তা স্বর্ণ হয়ে গ্যালো। বোকা রাজা খুশিতে বাগডুম
হয়ে বাগানে গিয়ে একেরপর এক গোলাপ স্পর্শ করে স্বর্ণে পরিণত করতে লাগলেন। অ্যামন সময় তার মেয়ে বাগানে চলে আসলো। মেয়েকে জড়িয়ে ধরতে গিয়ে তাকেই স্বর্ণের মূর্তিতে পরিণত করে ফেললেন। এরপর
কেঁদেকেটে একাকার হয়ে ডায়োনিসাসের কাছে গ্যালেন। গিয়ে তাকে তার বর ফেরত নেয়ার জন্য করজোড়ে অনুরোধ করলেন। ডায়োনিসাস বললেন প্যাক্টোনাস নদীর উৎসে গিয়ে অবগাহন করতে, তাহলেই বর প্রত্যাহার হয়ে যাবে।
মিডাস তা-ই করলেন, পরিবর্তে ফিরে পেলেন তার মেয়েকে। প্যাক্টোনাস নদীর তীরের বালুতে স্বর্ণ পাওয়ার পিছনে এটিই ছিলো কারণ। মিডাসের বোকামি এখানেই শেষ না। একবার এক বাঁশিবাদন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিলো অ্যাপোলো ও প্যান’র মধ্যে। প্যান বাঁশিতে চমৎকার সুর তুলতে পারতেন, কিন্তু অ্যাপোলো যখন তার সোনালী বীণায় সুর তুলতেন, তখন অলিম্পাস কিংবা মর্তে অ্যামন কোন সুর ছিলো না যা তার চাইতে মধুর হতো –
শুধু মিউজদের সুর ছাড়া। দেবতা মলাস অ্যাপোলোকে বিজয়ী ঘোষণা করলেন, আর মিডাস, যে কিনা সুরবিদ্যায় মোটেই জ্ঞান রাখতেন না, তিনি বিজয়ী ঘোষণা করলেন প্যান-কে। একেতো সুরের বিন্দুমাত্র জানেন না, তারউপর ধারণাও করতে পারেননি অ্যাপোলো’র বিরুদ্ধে যাওয়াটা কতো বিপদজনক হতে পারে। অ্যাপোলো বললেন যে মিডাসের শ্রবণক্ষমতা অ্যাতোই নিম্নমানের যে তার কান পাল্টে দেয়া হবে। তাই তাকে দেয়া হলো গাধার কান। গাধার কান নিয়ে মিডাস ফ্রিজিয়ায় ফিরে এলেন, সাথে একটি টুপিও নিয়ে এলেন কান ঢেকে রাখার জন্য। মুহুর্তের জন্যও তিনি টুপি খুলতেন না পাছে কেও দেখে ফেলে তার গাধার কান, অ্যামনকি ঘুমানোর সময়ও টুপি পরে ঘুমাতেন। কেউ জিজ্ঞেস করলে বলতেন শীতের জন্য টুপি পরে থাকেন - তখন ছিলো শীতকাল। কিন্তু যখন একদিন যখন চুল কাটতে তার ভৃত্য এলো, তখন তিনি ভৃত্যকে আগেই সতর্ক করে দিলেন তার কানের কথা য্যানো কেউ না জানে। ভৃত্য কথা দিয়ে চুল কেটে চলে গ্যালো। কিন্তু কিছুদিন পর ভৃত্যটির পেটে কথা থাকতে চাইলো না, পেটে ভুটভুট শব্দ করতো। ভৃত্যটি তাই এক মাঠে দিয়ে গর্ত করে সেখানে মুখ এনে বললো, “আমাদের রাজার গাধার কান”, এই বলে সে হালকা বোধ করলো। তারপর গর্ত মাটি দিয়ে ভরাট করে চলে আসলো। কিছুদিন পর বসন্ত চলে এলো। সেই মাঠে নল- খাগড়া-গাছ-পালা জন্মালো। এরপরের ঘটনা খুবই মর্মান্তিক, যখনই গাছপালা বাতাসে দুলে উঠতো, তখন পাতা নড়ার মৃদুশব্দের বদলে আওয়াজ তুলতো “আমাদের রাজার গাধার কান”, যা গাছপালার নিচের মাটিতে সমাধিস্থ করে গিয়েছিলো মিডাসের ভৃত্য। রাজ্যের সবাই সেই মাঠে গিয়ে রাজার গোপন কথা শুনে আসতো আর বিড়বিড় করতো “আমাদের রাজার গাধার কান” – অবশ্যই রাজার সামনে মিটমিট করে হাসতো।

চরিত্র পরিচিতিঃ
ডায়োনিসাস বা ব্যাক্কাসঃ ডায়োনিসাস ছিলেন জিউস ও থিবীয় রাজকুমারী সেমেলি’র পুত্র। একমাত্র ডায়োনিসাসই ছিলেন অলিম্পাসে বসবাসকারী একমাত্র পূর্নাঙ্গ দেবতা যার মাতা ছিলেন একজন মরণশীল মানুষ।
সাইলেনাসঃ সাইলেনাস ছিলেন সেট্যারদের প্রধান, ডায়োনিসাস সহচর ও প্যানের প্রধান। প্যানের মতো তারও পা ও কান ছিলো ছাগলের মতন। প্যানের সাথে তার পার্থক্য হলো তার ঘোড়ার মতন একটা লেজও ছিলো।
প্যানঃ প্যান কোন দেবতা ছিলেন না। প্যানের কান ছিলো ছাগলের
মতন, পা ও ছিলো ছাগলের।
অ্যাপোলোঃ অ্যাপোলো ছিলেন সোনালী-বীণা-রূপালী-ধনুকের দেবতা, সত্য-দেবতা, আলোর দেবতা, নেকড়ে-দেবতা সহ আরো অনেক গুণ সম্পন্ন দেবতা।
মলাসঃ মলাস ছিলেন পর্বত-দেবতা।
মিউজঃ মিউজগণ সংখ্যায় ছিলো নয়জন।

লিখেছেনঃ খন্দকার তৌকীর আহমেদ,দিনাজপুর মেডিকেল কলেজ।

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩

ট্রয়ের যুদ্ধ (শেষ পর্ব)

গ্রিকদের পিছিয়ে পরতে দেখে একিলিসের প্রিয় বন্ধু, প্যাট্রোক্লাস আতংকগ্রস্ত হয়ে পড়লেন। তিনি একিলিসকে রক্ষা করার জন্যও আর এক মুহূর্তও যুদ্ধ থেকে দূরে সরে থাকতে পারলেন না। ” তুমি তোমার তীব্র ক্রোধ ধরে রাখতে পারো যখন তোমার স্বদেশীরা ধ্বংস হয়ে যাচ্ছে” তিনি চিৎকার করে বললেন। “কিন্তু আমি পারি না, তোমার বর্মটি আমাকে দাও। যদি ট্রোজানরা ভাবে আমিই তুমি, ওরা হয়তো সাময়িক ভাবে থেমে যাবে এবং ছিন্নভিন্ন গ্রিকরা দম নেওয়ার সময় পাবে। তুমি এবং আমি কেউই ক্লন্ত নই। আমরা হয়তো শত্রুদের পশ্চাতে ঠেলে দিতে পারবো। কিন্তু তুমি যদি তোমার ক্রোধকে লালন করে বসে থাকতে চাও, তবে অন্তত আমাকে বর্মটি দেও।” যখন তিনি এ কথা বলছিলেন ঠিক তখনই পিছনে একটি গ্রিক জাহাজ জ্বলে ভস্মীভুত হলো। ” একিলিস বললেন “যাও। আমার বর্মটি নাও আমার লোকজনকেও নাও এবং জাহাজগুলো রক্ষা করো। আমি যেতে পারি না। আমি এক লাঞ্চিত মানুষ। আমার নিজ জাহাজগুলোর জন্য যদি যুদ্ধ খুব নিকটে ঘনিয়ে আসে, আমি যুদ্ধ করবো। আমি সে সকল মানুষের জন্য যুদ্ধ করবো না যারা আমাকে অপমান করেছে।”
কাজেই প্যাট্রোক্লাস পরিধান করলেন সেই অসাধারন বর্মটিকে যেটিকে ট্রোজানরা চিনতো এবং ভয় পেতো । তিনি তার বাহিনী দের পরিচালিত করলেন যুদ্ধক্ষেত্রের দিকে। এই নতন সেনাদলের আগমনে ট্রোজানরা প্রকম্পিত হয়ে উঠলো ; তারা ভাবলো একিলিস এদের পরিচালিত করছেন। এবং প্রকৃতই কিছুক্ষনের জন্য প্যাট্রোক্লাস তেমনি কুশলীভাবে যুদ্ধ করলেন যেমনটি করতেন বীর একিলিস। কিন্তু অবশেষে তিনি মুখোমুখি হলেন হেক্টরের !

আ্যাপোলো মুর্ছা যাওয়া হেক্টরের জ্ঞান ফিরিয়ে এনেছিলেন এবং তার মাঝে সঞ্চারিত করেছিলেন অফুরান শক্তি।

প্যাট্রোক্লাস যখন হেক্টরের সামনে পড়লেন হেক্টরের বর্শা তাকে দিলো মৃত্যু ডেকে আনা এক আঘাত এবং তার আত্না দেহত্যাগ করে চলে হেডিসের অন্তঃপুরে। তখন হেক্টর তার শরীর থেকে খুলে নিলেন সেই বর্ম এবং নিজেরটি ছুড়ে ফেলে পরিধান করলেন সেটি। এতে মনে হলো যেন তিনি নিজেই ধারন করেছেন একিলিসের শক্তি এবং কোনো গ্রিকই তার সামনে টিকতে পারলো না।
সন্ধ্যা হলো। যুদ্ধে নেমে এলো বিরতি। একিলিস তাবুতে অপেক্ষা করছিলেন প্যট্রোক্লাসের প্রত্যাবর্তনের জন্য। এর পরিবর্তে তিনি দেখলেন বৃদ্ধ নেষ্টের পুত্র আ্যান্টিলোকাসকে তার দিকে দৌড়ে আসতে। যখন সে দৌড়াচ্ছিলো তখন সে অশ্রু সম্বরন করতে পারছিলো না। ” দুর্ভাগ্য আমাদের” সে বললো প্যাট্রোক্লাস নিহত এবং তার বর্ম নিয়ে গেছেন হেক্টর। একিলিস এতটাই আবেগপ্রবন হয়ে পড়লেন যে সবাই তার জীবন নিয়ে উৎকন্ঠিত হয়ে পড়লো। এমনকি তার মা থেটিস ও আসলেন তাকে স্বান্তনা দিতে। ” আমি আর বেঁচে থাকতে চাই না” একিলিস বললেন তার মাকে, “যদিনা আমি প্যাট্রোক্লাসের মৃত্যুর বদৌলতে হেক্টরের মৃত্যুর স্বাদ না নিতে পারি।” তখন থেটিস তাকে কাঁদতে কাঁদতে মনে করিয়ে দিলেন যে , হেক্টরের পরপরই তার মৃত্যু হবে। ” আমার মৃত্যু বরণ করাই উচিৎ” একিলিস উত্তর দিলেন। ” আমি সেই জন যে তার বন্ধুকে চরম প্রয়োজনেও সাহায্য করেনি। আমি যাকে ভালোবাসতাম তার হত্যাকারীকে অবশ্যই হত্যা করবো। অত্‌পর মৃত্যু যখনই আসুকনা কেন আমি তা বরণ করে নিবো।”
থেটিস তাকে বাধা দিলেন না। কিন্তু তাকে ভোর পর্যন্ত অপেক্ষা করতে বললেন। তিনি তার জন্য স্বর্গ থেকে হেফেস্টাস কর্তৃক তৈরি অস্ত্র এনে দিলেন।

অবশেষে একিলিস ত্যাগ করলেন সেই তাঁবু এবং নিচে নেমে গেলেন সেখানে এতক্ষন জড়ো হচ্ছিলো হতভাগ্য গ্রিকরা, ডায়োমিডাস ছিলেন গুরুতর আহত, অডিসিউস, আগামেমনন এবং আরো অনেকের একই দশা। তাদের সামনে তিনি লজ্জিত বোধ করলেন এবং এক সামান্য মেয়ের জন্য অন্য সব কিছু ভুলে গিয়ে যে নির্বুদ্ধিতা দেখিয়েছেন তার দ্বায়িত্ব স্বীকার করে নিলেন। কিন্তু তা এখন অতীত, তিনি তাদের পূর্বের মতই নেতৃত্ব দিতে প্রস্তুত ছিলেন। তারা যেন এখনি যু্দ্ধের জন্য তৈরি হয়ে নেয়। কিন্তু অডিসিউস বললেন যে আগে খাবর ও পানীয়ের ব্যবস্থা করতে হবে। কেননা সবাই দুর্বল হয়ে পড়েছে।

যখন অন্যরা ক্ষুধা নির্বাপিত করলেন তখন একিলিস শুরু করলেন আক্রমণ। এটি ছিলো দুই শ্রেষ্ঠের মাঝে লড়াই। জিউস তার স্বর্ণ-নিক্তিটি স্থাপন করলেন। এর এক পাল্লায় রাখলেন হেক্টরের মৃত্যু ভাগ্য এবং অন্য পাল্লায় রাখলেন একিলিসের মৃত্যু ভাগ্য। হেক্টরের ভাগ্য নিমজ্জিত হলো ভারে। কাজেই তার মৃত্যুর সম্ভাবনা নিশ্চিত হলো।
এতকিছুর পরেও যে কোনো জনের জয় সম্বন্ধে ছিলো দীর্ঘ অনিশ্চয়তা। হেক্টরের নেতৃত্বে ট্রোজানরা যুদ্ধ করলো এবং এতে অংশ নিলো ট্রয় নদী। এটি সাধ্যমত চেয্টা করলো একিলিসকে ডুবিয়ে দিতে। কিন্তু সবই ব্যর্থ হলো। কারন একিলিস সামনে যাকেই পেলেন তাকেই হত্যা করলেন। এবং খুজতে লাগলেন হেক্টরকে।
দেবতারাও যুদ্ধে মেতে উঠলেন মানুষের মতই উন্মত্তভাবে এবং জিউস অলিম্পাসে বসে আনন্দে দেখতে লাগলেন দেবতাদের যুদ্ধ : আ্যাথেনা আ্যারেসকে ধরাশায়ী করলেন, হেরা আর্টেমিসের কাঁধ থেকে কেড়ে নিচ্ছেন তার ধনুক এবং তার কানে ঘুষি চালাচ্ছেন এলোপাতাড়ি, পোসাইডন বিদ্রূপাত্নক শব্দ দ্বারা উত্তেজিত করে তুলছেন আ্যাপোলোকে, যেন সে তাকে প্রথম আঘাত করে। সুর্য দেবতা সেই চ্যালেন্জ প্রত্যাখান করলেন।

এরই মাঝে ট্রয়ের বিখ্যাত “স্কীয়ান ফটক” সমূহ বিস্তৃত হয়ে খুলে গেলো, কেননা ট্রোজানরা তখন চূড়ান্তভাবে পলায়নপর এবং জড়ো হচ্ছিলো নগরীতে। কেবল হেক্টর স্থির দাড়িয়ে থাকলেন প্রাচীরের সামনে। ফটকের কাছ থেকে তার বৃদ্ধ পিতা, প্রায়াম এবং তার মাতা, হেক্যুবা তাকে চিৎকার করে ডাকছিলেন যেন তিনি ভিতরে এসে নিজেকে রক্ষা করেন। কিন্তু হেক্টর তাদের কথায় কান দিলেন না। তিনি ভাবছিলেন ” আমি নেতৃত্ব দিয়েছিলাম ট্রোজানদের, তাদের পরাজয় আমারই দোষে। তখন আমি কি বেঁচে থাকতে পারি? আমি কি পরিত্যাগ করতে পারি ঢাল বর্ম এবং একলিসকে অনুরোধ করতে পারি এই বলে যে আমরা ফিরিয়ে দিবো হেলেন কে এবং সাথে ট্রয়ের সম্পদের অর্ধেক? অর্থহীন। সে আমাকে নিরস্ত্র অবস্থায় মেরে ফেলবে যেন আমি এক অসহায় নারী। তার চেয়ে ঢের ভালো তার সাথে লড়াইয়ে নামা, এতে যদি আমার মৃত্যু হয় তবুও।”
তখনই এলেন একিলিস। তার পাশে ছিলেন আ্যাথেনা, কিন্তু হেক্টর ছিলেন একাকী। আ্যাপোলো তাকে তার নিয়তির হাতে সপে দিয়ে চলে গেছেন। যখন তারা দুজন এগিয়ে এলেনতখন হেক্টর ঘুরে পালিয়ে গেলেন। তিনবার তাকে ট্রয়ের প্রাচীরের চারপাশে খোঁজা হলো হত্যা করার জন্য। আ্যাথেনাই হেক্টরকে থামালেন। তিনি হেক্টরের সামনে এলেন তার ভাই ডেইফোবাসের রূপ ধরে এবং হেক্টরকে সাহস দিলেন একিলিসের সাথে লড়াইয়ে নামার। হেক্টর মুখোমুখি হলেন একিলিসের এবং চিররকার করে বললেন, ” যডি আমি তোমাকে হত্যা করি তবে তোমার মৃতদেহ ফিরিয়ে দেবো তোমার বন্ধুদের কাছে। তুমিও কি আমার সাথে একই আচরন করবে? ” কিন্তু একিলিস উত্তরে বললেন, ” হে উন্মাদ, মেষ এবং নেকড়ের মধ্যে যেমন কোনো অঙ্গীকার হতে পারে না তেমনি তোমার আমার মধ্যেও কোনো অঙ্গীকার হতে পারে না।” এই বলে তিনি বর্শা নিক্ষেপ করলেন। এটি লক্ষস্থানে আঘাত করতে পরলো না; কিন্তু আ্যাথেনা এটিকে ফিরিয়ে আনলেন। এবার হেক্টর আঘাত করলেন নিখুঁত নিশানায়, বর্শাটি আঘাতও করলো কিন্তু বর্মটি ছিলো জাদুময় তাই কোনো ক্ষতি হলো না একলিসের। হেক্টর দ্রুত গেলেন তার ভাইয়ের কাছে তার বর্শাটি নেওয়ার জন্য, কিন্তু সে সেখানে ছিলো না। হেক্টর প্রকৃত সত্য অনুধাবন করতে পারলেন। আ্যাথেনা তাকে ধোঁকা দিয়েছেন এবং পালাবার কোন উপায় নেই। “দেবতারা আমার উপর মৃত্যু আরোপ করেছেন” হেক্টর ভাবলেন। “অন্তত আমি মারা যাবো না বিনা লড়াইয়ে।” তিনি বের করলেন তার তরবারি যেটি ছিলো একমাত্র শেষ অস্ত্র এবং ঝাঁপিয়ে পড়লেন তার শত্রুর উপর। কিন্তু একিলিসের ছিলো একটি বর্শা। তিনি বর্শাটি হেক্টরের পরিহিত বর্ম , যেটি কিনা একলিস খুব ভালো করেই চিনতেন সেটির গলার নিকটের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিলেন। “আমার মৃতদেহ আমার পিতামাতার কাছে ফিরিয়ে দিও” শেষ ইচ্ছা জানালেন হেক্টর। কিন্তু একিলিস উত্তর দিলেন ” আমার কাছে কোনো প্রার্থনা করো না কুকু. তুমি আমার উপর যা অন্যায় করেছো সেই জন্য যদি সম্ভব হত আমি তোমার কাচা মাংস খেতাম”
তখন হেক্টরের আত্না দেহত্যাগ করলো এবং চলে গেলো পাতাল রাজ্যে।
একিলিস মৃত হেক্টরের দেহ থেকে খুলে ফেললেন রক্তাক্ত বর্মটি, এবং মৃত মানুষটির পা দুটি ছিদ্র করে ফেললেন এবং এদেরকে চামড়ার সরু ফালিতে বেঁধে ঝুলিয়ে দিলেন তার রথের পিছনে যাতে মাথাটি ঝুলে থাকে। অতঃপর চাবুক চালালেন তার ঘোড়াগুলোর উপর এবং একের পর এক ট্রয়ের প্রাচীরগুলো অতিক্রম করে তিনি হেক্টরের সকল গৌরব ধুলিসাৎ করে তার শবদেহটি টেনে নিয়ে গেলেন।
অবশেষে যখন তার ক্রোধ নিরসিত হলো তিনি দাড়ালেন প্যাট্রোক্লাসের মৃতদেহের পাশে এবং বললেন, “শোনো আমার কথা। আমি হেক্টরকে টেনে এনেছি আমার রথের পেছনে বেঁধে এবং আমি তাকে পাঠাবো তোমার শেষকৃতয়ের চিতার পাশে কুকুরের গ্রোগ্রাসের কাছে।”

ওদিকে অলিম্পাসে চলছিলো ক্রুদ্ধ বাদানুবাদ। মৃতজনের এইরূপ অবমানা হেরা, আ্যাথেনা ও পোসাইডন ব্যাতীত সকল দেবতাকেই অসন্তুষ্ট করলো। সবচেয়ে বেশি অসন্তুষ্ট হলেন জিউস। তিনি আইরিসকে পাঠালেন প্রায়ামের কাছে যাতে তিনি বিশাল মুক্তিপণ নিয়ে নির্ভয়ে যান একিলিসের কাছে হেক্টরের মৃতদেহ উদ্ধারের জন্য।

তখন বৃদ্ধ রাজা ট্রয়ের শ্রেষ্ঠতম একটি বাহন পূর্ণ করলেন চমৎকার সব উপঢৌকন দিয়ে এবং চললেন গ্রিক তাবুর দিকে। হার্মিস তাকে নিয়ে এলেন সেই মানুষটির কাছে যিনি তার পুত্রকে হত্যা ও অতঃপর লাঞ্চিত করেছেন। তিনি একলিসের হাটু জড়িয়ে ধরলেন এবং তার হাতে চুম্বন দিলেন। একিলিস প্রায়ামের প্রতি অনুভব করলেন এক ভয় মেশানো শ্রদ্ধা। অতঃপর প্রায়াম তার পুত্রের মৃতদেহ চাইলেন তার কাছে।
একিলসের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠলো। তিনি বৃদ্ধকে টেনে তুললেন এবং ভৃত্যদের আদেশ দিলেন হেক্টরের মৃতদেহটি উত্তম করে ধুয়ে তেল মালিশ করেদিতে এবং নরম কাপড় দিয়ে ঢেকে দিতে বললেন কেননা সেটি এতটাই বিকৃত হয়ে গিয়েছিলো যে বৃদ্ধ হয়তো তার ক্রোধ চেপে রাখতে পারতেন না। আর প্রায়াম যদি তাকে বিরক্ত করেন তাবে তার নিজেকে নিয়ন্ত্রন করাটা অসম্ভব হয়ে উঠতে পারে। “তার শেষকৃত্য করার জন্য আপনার কতদিন প্রয়োজন? একলিস জিজ্ঞাসা করলেন। “কারণ ততদিন আমি গ্রিকদের যুদ্ধ থেকে সরিয়ে রাখবো।”
প্রায়াম হেক্টরের মৃতদেহ প্রাসাদে নিয়ে গেলেন, ট্রয়ে এমন শোক আর কখনো প্রকাশ করা হয়নি। এমনকি হেলেনও অশ্রুসজল হলেন। “অন্যসব ট্রোজানরা আমাকে ভর্ৎসনা করতো, কিন্তু তোমার কাছ থেকে আমি সর্বদাই পেয়েছি স্বান্তনা। তুমি কেবলি ছিলে আমার বন্ধু” বললেন হেলেন।

নয়দিন ধরে তারা শোক প্রকাশ করলেন। অতঃপর তারা তাকে স্থপন করলেন এক সুউচ্চ চিতায় এবং তাতে অগ্নিসংযোগ করলেন। তারা অস্থিভষ্ম সমুহকে জড়ো করলেন এবং আচ্ছাদিত করে দিলেন বেগুনি বর্বের আবরণে। তারা ভষ্মাধারটিকে রেখে দিলেন এক শুন্য সমাধিতে এবং এর উপর স্থাপন করলেন বিশাল প্রস্তরখন্ড।এই ছিলো অশ্ব বশীকরণে পারদর্শী হেক্টরের শেষকৃত। প্রকৃতপক্ষে ট্রয়ের আসল যুদ্ধ এখানেই শেষ হয়েছিলো।

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩

ট্রয়ের যুদ্ধ (পর্ব - ০৩)


ট্রয়ের যুদ্ধের কাহিনী গত পর্বেই শেষ করতে পারতাম আমি যদি না হেরার প্ররোচনায় আ্যাথেনা এতে হস্তক্ষেপ করতেন। হেরা চাইছিলেন ট্রয় ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলুক। আ্যাথেনা যুদ্ধক্ষেত্রে গিয়ে প্যান্ডারাস নামক এক বোকা ট্রোজানকে উদ্বুদ্ধ করলেন সাময়িক যুদ্ধ বিরতি ভেঙে ফেলার জন্য এবং মেনেলাউসের দিকে একটি তীর নিক্ষেপের জন্য। সে তাই করলো এবং সেটি মেনেলাউসকে সামান্য আহতও করলো। কিন্তু গ্রিকরা এ প্রতারণায় ক্রোধান্বিত হয়ে ঝাপিয়ে পড়লো ট্রোজানদের উপর এবং আবারও যুদ্ধ শুরু হলো। আতংক দেবতা, ধ্বংস দেবতা, এবং দ্বন্দ দেবতাগণ, যাদের ক্রোধ কখনো নির্বাপিত হয় না, যারা সবই ছিলেন যুদ্ধ দেবতার বন্ধু , তারা মানুষকে লেলিয়ে দিলেন একে অপরকে হত্যা করার জন্য। তখন শোনা যেতে লাগলো শুধু মুমূর্ষ মানুষের গোঙানোর শব্দ, আর শোনা যেতে থাকলো হত্যাকারীদের উল্লাস-ধ্বনি এবং মর্তভূমি ভেসে যেতে থাকলো রক্তস্রোতে।
গ্রিকপক্ষে একিলিস না থাকায় দুই শ্রেষ্ঠ বীর ছিলেন আ্যাজাক্স এবং ডায়োমিডিস। তারা সেদিন বীরত্বের সাথে ষুদ্ধ করলেন এবং অনেক ট্রোজান তাদের পদতলে লুটিয়ে পড়লো। হেক্টরের পর সবচেয়ে কুশলী ও সাহসী যুবরাজ ঈনিয়াস ডায়োমিডিসের হাতে প্রায় মৃত্যবরন করতে বসেছিলেন। তার ছিলো রাজরক্তের চেয়েও উচ্চ এক পরিচয়, তার মা ছিলেন আফ্রোদিতি নিজে !! এবং যখন ডায়োমিডিস তাকে আহত করলেন তখন আফ্রোদিতি দ্রুত নেমে এলেন যুদ্ধক্ষেত্রে ঈনিয়াসকে রক্ষা করা জন্য। তিনি তাকে তুলে নিলেন কোমোল হাতে, কিন্তু ডায়োমিডিস জানতেন যে আফ্রোদিতি ভীরু দেবী তাই তাই তিনি তার দিকে ছুটে গেলেন এবং তার হাতে আঘাত করলেন। চিৎকার করে আফ্রোদিতি ঈনিয়াসকে ফেলে দিলেন এবং যন্ত্রনায় ক্রন্দনশীল হয়ে অলিম্পাসে ফিরে গেলেন। জিউস আমোদ-প৬রিয় অশ্রুসজল দেখে ঈষৎ হেসে তাকে যুদ্ধ থেকে বিরত থাকতে বললেন এবং তাকে মনে করিয়ে দিলেন যে , তিনি প্রেম ভালোবাসাতেই মানানসই, যুদ্ধ তার কাজ নয়। যদিও ঈনিয়াসের মা ব্যার্থ হলেন কিন্তু তার মৃত্যু ঘটলো না। আ্যাপোলো তাকে মেঘে আচ্ছাদিত করে নিয়ে গেলেন ট্রয়ের পবিত্র স্থান পারগেমসে, যেখানে আর্টেমিস তাকে সারিয়ে তুললেন।ডায়োমিডিস যুদ্ধোন্মত্ত রয়েই গেলেন, ট্রোজান সেনাদলে ব্যপক ধ্বংস সাধন করতে থাকলেন যতক্ষন না মুখোমুখি হলেন হেক্টরের। সেখানে আ্যারেসকে দেখেও তিনি আতংকিত হয়ে উঠলেন। রক্তপিপাসু খুনে যুদ্ধদেবতা যুদ্ধ করছিলেন হেক্টরের পক্ষ হয়ে। এই দৃশ্য দেখে ডায়োমিডিস ভয়ে থরথর করে কেপে উঠলেন এবং চিৎকার করে গ্রিকদের পশ্চাদপসরণ করতে বললেন, ধীরে ধীরে ট্রোজানদের দিকে দৃষ্টি রেখেই। গ্রিকদের এ অবস্থা দেখে হেরা ক্রোধান্বিত হয়ে জিউসকে বললেন, তিনি মানুষের দুদর্শার কারন আ্যারেসকে যুদ্ধক্ষেত্র থেকে তাড়িয়ে দিতে পারবেন কিনা।

যদিও আ্যারেস ছিলেন তাদেরই সন্তান তবুও তারা কেউ আ্যারেসকে খুব বেশি ভালোবাসতেন না। তাই তিনি হেরার কথায় রাজী হলেন।
ডায়োমিডিসের পাশে দাড়ানোর জন্য হেরা দ্রুত ছুটে গেলেন যুদ্ধক্ষেত্রে এবং তাকে তাড়া দিলেন সেই ভয়ংকর দেবতাকে আঘাত করার জন্য এবং ভয় না পাওয়ার জন্য। এতে ডায়োমিডিস উদ্যম ফিরে পেলেন। তিনি আ্যারেসের দিকে বর্শা নিক্ষেপ করলেন। আ্যাথেনা একে চালিত করে দিলেন লক্ষ্যস্থলের দিকে এবং এটি বিদ্ধ হলো আ্যারেসের দেহে। যুদ্ধক্ষেত্রে হাজারজনের চিৎকারের সমান তীব্রতায় চিৎকার করে উঠলেন যুদ্ধ দেবতাটি এবং সেই ভীতিকর শব্দে কেঁপে উঠলো সবাই।
আ্যারেস ছিলেন মজ্জাগতভাবে এক উৎপীড়ক এবং তিনি অসংখ্য মানুষের উপর যে অত্যাচার করেছেন তা নিজের উপর প্রযুক্ত হতে দেখে সহ্য করতে না পেরে পালিয়ে চলে গেলেন জিউসের কাছে এবং আ্যাথেনার আক্রমনের ব্যাপারে তিক্তভাবে অনুযোগ করলেন। কিন্তু জিউস তার দিকে তাকালেন কঠোরভাবে এবং বললেন যে , সে তার মায়ের মতই এক অসহনীয় চরিত্র এবং তাকে আদেশ করলেন তার আর্তচিৎকার থামাতে।

আ্যারেস চলে যাবার পর ট্রোজানরা পিছিয়ে পড়তে বাধ্য হলো। এই বিপর্যয়ে হেক্টরের এক ভাই উপলব্ধি করতে পারলেন দেবতাদের ইচ্ছা এবং হেক্টরকে অনুরোধ করলেন যত দ্রুত সম্ভব নগরীতে যেতে এবং রাণীকে বলতে বললেন তিনি যেন আ্যাথেনাকে উপঢৌকন হিসাবে প্রদান করেন সর্বোত্তম পোশাক তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। রাণী হেক্টরের এর কথামত সবকিছুই করলেন। তনি এমনই এক মূল্যবান পোশাক নিলেন যা জ্বলজ্বল করছিলো নক্ষত্রের মত এবং তা দেবীর হাটুর কাছে সমর্পণ করে বললেন ” দেবী আ্যাথেনা, করুণা করো নগরীটিকে এবং ট্রোজানদের স্ত্রীগন ও সন্তানদের ” কিন্তু প্যালাস আ্যাথেনা তার প্রার্থনা নামঞ্জুর করলেন।
যুদ্ধে ফিরে যাবার পূর্বে হেক্টর আরো একবার হয়তো শেষবারের মতো দেখা করতে গেলেন তার প্রিয়তম স্ত্রী, আ্যান্ড্রোমাকি ও তার পুত্র আ্যাষ্টিয়ানাক্সের সাথে। তিনি তার স্ত্রীর সাথে দেখা করলেন সেই দেয়ালের কাছে যেখানে তার স্ত্রী ট্রোজানদের পিছিয়ে আষার কতঃা শুনে ভয় পেয়ে চলে গিয়েছিলেন যুদ্ধ দেখতে। তার সাথে এক পরিচারিকা বহন করছিলেন তার ছোট্ট পুত্রকে। হেক্টর মৃদু হাসলেন এবং নীরবে তাকালেন তাদের দিকে, আ্যান্ড্রোমাকি হেক্টরের হাত তুলে নিলেন নিজর হাতে এবং ফুঁপিয়ে কাদতে লাগলেন। ” হে আমার সর্বস্ব” তিনি বললেন, তুমিই আমার পিতা, মাতা বা ভাই এবং তুমিই আমার স্বামী, আমাদের সাথে থাকো। আমাকে বিধবা বা তোমার সন্তানকে অনাথ করো না” হেক্টর তার স্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন যে তিনি কাপুরুষ সাজতে পারবেন না। তিনি তার স্ত্রীকে ছেড়ে আসতে উদ্যত হলেন কিন্টু প্রথমে দুহাত প্রসারিত করে দিলেন তার পুত্রের দিকে। ছোট্ট আ্যাষ্টিয়ানাক্স পিতার শিরোনাস্ত্র ও এর ভয়ংকর বাকানো মুকুট দেখে ভয়ে আরো কুণচকিয়ে গেলো। হেক্টর মৃদু হাসলেন এবং উজ্জ্বল শিরোনাস্ত্রটি খুলে ফেললেন মাথা থেকে। অতঃপর সন্তানকে হাতে ধরে তাকে আদরের স্পর্শ দিলেন এবনফ প্রার্থনা করে বললেন, ” হে জিউস, ভবিষৎে অনেক মানুষ আমার এই পুত্রকে নিয়ে অনেক কিছু বলবে গর্ব করে, যখন সে ফিরবে যুদ্ধ থেকে। বলবে যে , সে তার পিতার চেয়েও অনেক বেশি সাহসী”
তিনি তার পুত্রকে শুইয়ে দিলেন তার স্ত্রীর হাতে এবং তাকে স্বান্তনা দিলেন এবং বললেন ” প্রিয়া এত দুঃখগ্রস্ত হতে নেই, যা অদৃষ্টে আছে তাতো হবেই। কিন্তু আমার অদৃষ্টের বিরুদ্ধে কেউ আমাকে হত্যা করতে পারবে না।” অতঃপর তিনি তার শিরোনাস্ত্র তুলে নিয়ে আ্যান্ড্রোমাকির কাছ থেকে বিদায় নিলেন।
যুদ্ধক্ষত্রে আবারো লড়াইয়ের জন্য উন্মুখ হয়ে উঠলেন। কিছুক্ষনের জন্য এলো তার ভালো সময়। এরই মধ্যে জিউসের মনের পড়লো একিলিসের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি থেটিসের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তার কথা। তিনি ও যুদ্ধক্ষেত্রে নেমে গেলেন ট্রোজানদের সাহায্য করতে। তখন যুদ্ধটা গ্রীকদের জন্য কঠিন হয়ে পড়লো। তাদের শ্রেষ্ঠ যোদ্ধা একিলিস তখন যুদ্ধক্ষেত্রে থেকে অনেক দুরে একাকী বসে ছিলেন তাবুতে, গভীরভাবে ভাবছিলেন তার ভুলগুলোকে নিয়ে। অপরদিকে ট্রোজানরা গ্রিকদের হটিয়ে নিয়ে গেছে তাদএর জাহাজের কাছে। সন্ধ্যা নেমে আষায় যুদ্ধ থেমে গেলো।
সে রাতে ট্রয় নগরীজুড়ে চলছিলো আনন্দ উৎসব কিন্তু দুঃখ ও হতাশা গ্রাস করেছিলো গ্রিক ঘাটিসমূহকে। আগামেমনন নিজে আশা ছেড়ে দিয়েছিলেন এবং জাহাজ ফিরিয়ে নিতে চাচ্ছিলেন গ্রিসে। নেষ্টর , যিনি ছিলেন দলপ্রধানদের মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে জ্ঞানী , তিনি আগামেমননকে বললেন যে একিলিসকে ক্ষেপিয়ে না তুললে তারা আজ পরাজিত হতেন না। আগামেমনন স্বীকার করলেন তিনি বোকার মত কাজ করেছেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি ব্রিসেইসকে ফিরিয়ে দিবেন এবং তার সাথে অন্যান্য সব সুন্দর উপহার সামগ্রী। অডিসিউস ও আরো দুজন আগামেমননের এ প্রস্তাব নিয়ে গেলেন একিলিসের কাছে। একিলস তাদের আন্তরিকভাবে স্বাগত জানালেন এবং তাদের খাদ্য ও পানীয় দ্বারা আপ্যায়িত করলেন। কিন্তু যখন তারা আগামেমননের প্রস্তাব জানালেন তাকে পেলেন চরম প্রত্যাখান। তিনি বললেন মিশরের সব সম্পদ দিয়েও তাকে কেনা যাবে না। সবার উচিত দেশে ফিরে যাওয়া।
কিন্তু পরদিন কোনঠাসা সাহসী গ্রিকরা আবারো যুদ্ধে ঝাপিয়ে পরলেন। কিন্তু আবারো পিছিয়ে পড়তে বাধ্য হলেন। অলিম্পাসে বসে হেরা পরিকল্পনা করছিলেন কিভাবে গ্রিকদের সাহায্য করা যায়। তিনি জিউসকে আইডা পর্বতের উপর বসে ট্রোজানদের বিজয়উৎসব উদযাপন করতে দেখলেন। হেরা নিজ কক্ষে গেলেন এবং নিজেকে অতুলনীয় সুন্দরী করে তোলার জন্য নিজের উপর প্রয়োগ করলেন তার জ্ঞাত রূপকলার সব কৌশল। অবশেষে ধার নিলেন আফ্রোদিতির কোমোরবন্ধ যেখানে লুকানো ছিলো তার সব জাদু-কলার সামগ্রী এবং সেই জাদু-কলা সহ তিনি হাজির হলে জিউসের সামনে। সেই জিউস হেরাকে দেখলেন , অমনি প্রেমানুরাগ ছেয়ে ফেললো জিউসের হৃদয়কে । ফলে তিনি ভুলে গেলেন থেটিসকে দেওয়া তার প্রতিশ্রতির কথা।
তৎক্ষনাৎ যুদ্ধ মোড় নিলো গ্রিকদের দিকে। আ্যাজাক্স মাটিতে ছুড়ে ফেলে দিলেন হেক্টরকে, যদিও আহত করবার পূর্বেই ঈনিয়াস তাকে তুল নিলেন এবং দুরে বয়ে নিয়ে গেলেন। হেক্টর চলে যাবার সাথে সাথে গ্রিকরা ট্রোজানদের জাহাজের কাছ থেকে আরো দুরে সরিয়ে দিলেন।
জিউস জেগে না উঠলে হয়তো সেদিনই ট্রয় লুন্ঠিত হতে পারতো। কিন্তু জিউস জেগে উঠলেন এবং ট্রোজানদের পলায়নপর অবস্থায় ও হেক্টরকে মাটিতে পরে হাঁপাতে দেখলেন। সবকিছু তার কাছে স্পষ্ট হয়ে উঠলো। তিনি ক্রূদ্ধ হয়ে ফিরলেন হেরার দিকে, এটি তারই কাজ বুঝতে পারলেন জিউস। তিনি মনস্থির করতে পারছিলেন না যে , এখুনি হেরা কে শায়েস্তা করা উচিত কিনা। হেরা জানতেন যে , যদি তেমন কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে তিনি খুবই অসহায় হয়ে পড়বেন। হেরা এই ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা দৃঢভাবে অস্বীকার করলেন এবং সমস্ত দোষ চাপিয়ে দিলেন সমুদ্র দেবতা পোসাইডনের উপর। হেরার কথা জিউস বিশ্বাস করলেন এবং পোসাইডনের কাছে খবর পাঠালেন তিনি যেন যুদ্ধ ক্ষেত্র থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। সমুদ্র দেবতা তা মেনে নিলেন এবং যুদ্ধের গতি আরো একবার গ্রিকদের বিপক্ষে চলে গেলো।

(চলবে)