পৃষ্ঠাসমূহ

হেলেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হেলেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

ট্রয়ের যুদ্ধ (পর্ব - ০২)

গ্রিকরা ট্রয়ে পৌছানোর পর থেকে ৯ বছর পর্যন্ত বিজয় কখনো গ্রিকদের কখোনো ট্রোজানদের অনুকূল হচ্ছিলো। গ্রিকসেনাদল ছিলো খুবই শক্তিশালী কিন্তু ট্রয় বাহিনীও ছিলো পরাক্রমশালী। আক্রমন পরিচালনা করার জন্য ও প্রতিরক্ষা ব্যূহ রক্ষা করার জন্য রাজা প্রায়াম ও রানী হেক্যুবার ছিলো অনেক সাহসী পুত্র হেক্টর অপরদিকে গ্রিকদের শ্রেষ্ঠ বীর একিলিস ছাড়া পৃথিবিতে তার চেয়ে মহান ও সাহসী কেউ ছিলো না।
প্রত্যেকেই জানতেন যে ট্রয় দখলের পূর্বেই একিলিসের মৃত্যু হবে। একিলিসকে তার মা বলেছিলেন যে তার জীবনকাল হবে খুবই সংক্ষিপ্ত অন্য দিকে হেক্টরকে যদিও কোনো দৈব চরিত্র কিছু বলেনি কিন্তু তিনিও জানতেন যে একদিন পবিত্র ট্রয় নগরী,প্রায়াম এবং প্রায়ামের লোকজন পরাস্ত হবে। মোট কথা উভয় পক্ষই যুদ্ধ করছিলেন নিশ্চিত মৃত্যুর ছায়ায়।

হঠাৎ একদিন একিলিস এবং আগমেমননের মাঝে বিবাদ বাধলো চিরচারিত সমস্যার কারন নারী কে নিয়ে যা কিছু সময়ের জন্য যুদ্ধের গতি পাল্টে দিলো ট্রোজানদের অনুকুলে। এই নারীর নাম ছিলো ক্রাইসেসিস। সে ছিলো এ্যাপোলোর পুরোহিতের কন্যা যাকে গ্রিকরা অপহরন করে এনেছিলো এবং দিয়েছিলো আগামেমননকে। ক্রাইসেসিসের পিতা এসেছিলেন তার মুক্তি ভিক্ষা চাইতে কিন্তু আগামেমনন তাকে প্রত্যাখান করেন। তখন পুরোহিত প্রাথনা করেন এ্যাপোলোর কাছে এবং এ্যাপলো তা মন্জুর করেন। তিনি সূর্য রথ থেকে গ্রিক সৈন্যদের উপর নিক্ষেো করলেন ভয়ংকর সব তীর ফলে যন্ত্রনাবিদ্ধ হয়ে লোকজন মরতে লাগলো এবং শেষকৃত্যের চিতা জ্বলতেই লাগলো অবিরাম।
অবশেষে একিলিস দলপতিদের এক সমাবেশ ডাকলেন এবং এ্যাপলোর ক্রোধ নিরসনের আহ্বান জানালেন কেননা এ্যাপলোর ক্রোধ নিরসন করা না গেলে বাড়ি ফিরে যাওয়া ছাড়া গতি নেই। অতঃপর ক্রাইসেসিস কে তার পিতার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এতে করে আগামেমনন অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ক্রাইসেসিসের বদলে কুমারী ব্রিসেইস কে দাবী করেন যে কিনা একিলিসের সম্পত্তি ছিলো ! একিলিস যদিও ব্রিসেইসকে দিয়ে দিলেন কিন্তু অঙ্গীকার করে বললেন যে এই কাজের জন্য আগামেমননকে চড়া মূল্য দিতে হবে।
একিলিসের অপমান মেনে নিতে পারেননি থেটিস ও কাজেই তিনি একলিসকে মানা করলেন গ্রিকদের সাহায্য করতে এবং জিউসকে অনুরোধ করলেন ট্রোজানদের সাফল্য দিতে।

ট্রয়ের যুদ্ধের রেশ ইতিমধ্যে অলিম্পাসেও ছড়িয়ে পড়েছে। দেবতারা একে অপরের বিপক্ষে চলে যাচ্ছিলেন। আফ্রোদিতি অবশ্যই ছিলেন প্যারিসের পক্ষে এবং হেরা ও আ্যাথেনা ছিলেন সমভাবে বিপক্ষে। এরিস সর্বদা আফ্রোদিতির পক্ষ নিতেন। পোসাইডন সর্বদাই সমর্থন করতেন গ্রিকদের। আ্যাপোলো উদ্বিগ্ন থাকতেন হেক্টের জন্য এবং তার স্বার্থেই সাহায্য করতেন ট্রোজানদের। আর্টেমিস তার বোনের পক্ষই অবলম্বন করলেন। সার্বিকভাবে জিউস ট্রোজানদেরকেই বেশি পছন্দ করতেন। কিন্তু তিনি নিরপেক্ষ থাকতে চাইলেন কেননা যখন তিনি খোলাখুলি ভাবে হেরার বিরোধিতা করেন তখন হেরা খুবই অনমনীয় হয়ে উঠতেন। কিন্তু জিউস রুখতে পারলেন না থেটিস কে। তখন হেরার সাথে জিউসের যাচ্ছিলো খুব কঠিন একটা সময়, হেরা বরাবরের মতই অনুমান করেলন জিউস কোন পক্ষের। হেরা এই চিন্তায় বিভোর ছিল যে কিভাবে গ্রিকদের সাহায্য করা যায় এবং জিউসের ইচ্ছা বাস্তবায়িত হতে না দেওয়া যায় তার উপায় খুজতে।জিউস যা পরিকল্পনা করেছিলেন তা ছিলো খুবই সরল। তিনি জানতেন একিলিস ব্যাতীত গ্রিকরা ট্রোজানদের চেয়ে দুর্বল। তিনি আগামেমননের কাছে পাঠালেন এক মুমূর্ষ স্বপ্নের অঙ্গীকার যে, যদি তিনি আক্রমন করেন তবে বিজয়ী হবেন। যখন একিলিস অপেক্ষা করছিলেন তার তাবুতে তখন সংঘটিত হতে যাচ্ছিলো এক ভয়ংকর লড়াই।
দু পক্ষের সেনাদল পিছিয়ে গিয়ে জায়গা করে দিলো প্যারিস ও মেনেলাউসের জন্য। এটি পরিষ্কার যে যুদ্ধে তাদের পরষ্পরের সাথে লড়াই করাটা যথেস্ট যুক্তিসঙ্গত ছিলো।
প্রথম আঘাত করলেন প্যারিস, কিন্তু মেনেলাউস তার বর্ম দ্বারা দ্রুতগামী বর্শাটিকে আটকিয়ে ফেললেন, অতঃপর সজরে নিক্ষেো করলেন তার নিজেরটি। এটি নিদীর্ণ করে গেলো প্যারিসের যুদ্ধ পরিচ্ছদকে কিন্তু তাকে আহত করলো না। মেনেলাউস বের করলো তার তরবারি, এটি ছিলো তার শেষ অস্ত্র কিন্তু এটি তার হাত থেকে পড়ে ভেঙে গেলো। নিরস্ত্র ভাবেই তিনি ঝাপিয়ে পড়লেন প্যারিসের উপর এবং প্যারিসের শিরনাস্ত্র ধরে তার পায়ের ভারসাম্য নষ্ট করে ফেলে দিলেন, এর পর তাকে তাকে টেনে বিজয়ের বেশে নিয়ে যেতে পারতেন গ্রিকদের দিকে যদি না আফ্রোদিতি এতে হস্তক্ষেপ করতেন। তিনি প্যারিসকে তুলে নিলেন এবং ঢেকে দিলেন মেঘ দিয়ে।
ক্রুদ্ধ মেনেলাউস খুজে ফিরলেন প্যারিসকে কিন্তু কেউ তার সন্ধান দিতে পারলো না। অতঃপর আগামেমনন উভয় পক্ষেই ঘোষনা দিলেন যেহেতু প্যারিস যুদ্ধক্ষেত্র হতে পালিয়েছে সুতরাং গ্রিকরাই বিজয়ী এবং ট্রোজানদের উচিত হেলেনকে ফিরিয়ে দেওয়া। ট্রোজান এতে সম্মতও হলো। আপাত দৃষ্টিতে ট্রয়ের যুদ্ধের সমাপ্তি এখানেই।

ট্রয়ের যুদ্ধ (পর্ব - ০১)

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন হেলেন,যিনি ছিলেন জিউস ও লিডার কন্যা এবং ক্যাষ্টর ও পোলাক্সের বোন। তার এমনই রূপ-সৌন্দর্য ছিলো যে গ্রিসের প্রতিটি তরুন রাজকুমারই তাকে বিয়ে করতে চাইলো। যখন তার পাণিপ্রার্থীরা বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার জন্য তার প্রাসাদে জড়ো হলো তখন তারা সংখ্যায় এত বেশি ছিলো এবং এতসব ক্ষমতাশালী পরিবার থেকে এসেছিলোযে আপাত বিবেচনায় হেলেনের পিতা ( হেলেনের মায়ের প্রকৃত স্বামী) , রাজা টিন্ডারিউস , তাদের মাঝ থেকে একজনকে নির্বাচন করতে গিয়ে ভয় পেয়ে গেলেন , এই কারনে যে অন্যরা হয়তো জোট বেধে তার বিরুদ্ধে চলে যাবে। তাই সবার কাছ থেকে নিয়ে নিলেন একটি অনড় অঙ্গীকার যে, যে ই হেলেনের স্বামী নির্বাচিত হোক না কেনো অন্যরা সেটি সমর্থন করবে। সবাই মেনে নিলো কেননা প্রত্যেকেই আশা করছিলো যে সে নিজেই নির্বাচিত হবে। এবং তারা প্রতিঞ্জা করলো যে কেউ হেলেনকে অপহরন করতে এলে তাকে দেওয়া হবে চরম শাস্তি।
রাজা টিন্ডারিস পছন্দ করলেন আগামেমননের ভাই মেনেলাউসকে এবং তাকে স্পার্টার রাজাও বানালেন।
একটু পিছনে ফিরে তাকাই। প্রেম ও সৌন্দর্যের দেবী ভালো করেই জানতেন কোথায় খুঁজে পাওয়া যাবে মর্তের সবচেয়ে সুন্দরী নারীটিকে। ইনোনীর দুর্ভাগ্যের কথা একবারো চিন্তা না করে তিনি তরুন মেষপালককে পাঠিয়ে দিলেন স্পার্টাতে, যেখানে মেনেলাউস ও হেলেন তাকে তাদের অতিথিরূপে সাদরে গ্রহন করলেন। অতিথি ও আতিথ্যদানকারীর মধ্যে সম্পর্ক ছিলো অতি চমৎকার। এই বন্ধনে পূর্ণ আস্থা রেখে মেনেলাউস প্যারিসকে রেখে গেলেন তার গৃহে এবং রওনা দিলেন ক্রিটের উদ্দেশ্যে। কিন্তু প্যারিস ভেঙে দিলেন সেই পবিত্র সম্পর্কটি।
মেনেলাউস ফিরে গিয়ে দেখলেন হেলেন নেই ; তিনি পুরো গ্রিসের কাছেই সাহায্য প্রার্থনা করলেন। সকল দলপতিই সাড়া দিতে বাধ্য ছিলেন। সবাই সোৎসাহে এগিয়ে এলেন ট্রয়কে ধুলোয় মিশিয়ে দিতে। কিন্তু শীর্ষস্থানীয় দুজনকে পাওয়া গেলো না; তারা ছিলেন ইথাকা দ্বীপের রাজা অডিউস এবং সমুদ্র উপদেবী থেটিসের পুত্র একিলিস কে।

অডিউস ছিলেন গ্রিসের অন্যতম বুদ্ধিমান ও দ্বায়িত্বশীল মানুষ। কিন্তু একজন বিশ্বাসভঙ্গকারী নারীর জন্য তিনি নিজ পরিবার ও দেশকে ছেড়ে অন্যদেশে এক রোমান্টিক অভিযানে যেতে চাইলেন না। তাই তিনি পাগলের ভান করতে লাগলেন এবং সেনাবাহিনীর দূতকে ফাকি দেবার জন্য রাজা হয়েও তিনি মাঠে লাঙ্গল চড়াচ্ছিলেন এবং বীজের পরিবর্তে লবন বপন করছিলেন। কিন্তু দূতটিও ছিলো সুচতুর। সে অডিউসের ছোট পুত্র সরাসরি লাঙ্গের গতিপথের সামনে এনে রাখলো। সাথে সাথে অডিউস তার লাঙ্গল সরিয়ে ফেললেন এবং প্রমান হয়ে গেলো যে তিনি সম্পুর্ণ সুস্থ।
একিলিসকে আটকে রেখেছিলেন তার মা। উপদেবীটি জানতেন যে একবার ট্রয়ে গেলে তার পরিণতি হবে মৃত্যু। তিনি একিলিসকে নারীবেশ ধারন করতে বাধ্য করলেন এবং লুকিয়ে রাখলেন মেয়েদের মাঝে। অডিউস এলেন তাকে খুজতে। ফেরিওয়ালার ছদ্মবেশে তিনি গেলেন রাজপ্রাসাদে এবং সাথের ঝোলায় করে নিয়ে গেলেন চমৎকার গহনা এবং কিছু অস্ত্র। অন্যান্য বালিকাদের সাথে একিলিসও আসলেন এবং তিনি আগ্রহ দেখালেন অস্ত্রের প্রতি। তখন অডিউস তাকে চিনে ফেললেন এবং নিয়ে গেলেন সেনাছাউনিতে।
একটি বিশাল নৌবহর তৈরি হয়ে উঠলো। এক হাজার জাহাজ নিয়ে চললো গ্রিক দলটিকে। তারা মিলত হলো অলিসে, যে স্থানটি ছিলো তীব্র বায়ু প্রবাহ ও মারাত্নক স্রোতে আক্রান্ত। উত্তর-বায়ু প্রবাহ চলা পর্যন্ত পাল তোলা অসম্ভব হয়ে পড়লো। এবং দিনের পর দিন এ অবস্থা চলতেই থাকলো। সৈন্যদল মরিয়া হয়ে উঠলো। ভবিষৎবক্তা ক্যালকাস ঘোষণা করলেন যে, আর্টেমিস (শিকারি দেবী, তিন কয়মারি দেবীর মাঝে অন্যতম) রাগান্বিত। কেননা তার প্রিয় বন্য প্রাণীগুলোর অন্যতম একটি খোরগোশকে তার শাবক সহ হত্যা করেছে গ্রিকরা। আর্টেমিসের ক্রোধ কমানোর উপায় হলো সেনাদলের সর্বাধিনায়ক আগমেমননের কনিষ্ঠা কন্যা, ইফিজিনিয়াকে উৎসর্গ করা। এটি সকলের কাছেই ছিলো এক ভয়ংকর ব্যাপার। তবুও আগমেমনন তা ই করলেন কেননা এটি না করলে সৈন্যদলে তার গ্রহনযোগ্যতা এবং ট্রয় জয় করে গ্রিসকে বিজয়ি করার জন্য তার আকাঙ্খা বিপন্ন হয়ে পড়তো। তিনি যুদ্ধকে সাহায্য করার জন্য নিজ সন্তানকে হত্যা করার দুঃসাহস দেখালেন।
তিনি ডেকে আনলেন তার কন্যাকে আর তার স্ত্রীকে লিখে পাঠালেন যে , তাদের কন্যার সাথে একিলিসের শুভ বিবাহের আয়োজন করা হয়েছে। কিন্তু যখন সে তার বিবাহ অনুষ্ঠানে এলো তখন তাকে হত্যার জন্য নিয়ে যাওয়া হলো বেদিতে এবং তার সকল মিনতি– পিতা, পিতা বলে চিৎকার , তার নবীন প্রাণ এসব কিছুই স্পর্শ করলো না নিষ্ঠুর যুদ্ধন্মাদদের। সে মৃত্যবরণ করলো এবং উত্তর বায়ুপ্রবাহ থেমে গেলো এবং প্রশান্ত সমুদ্রে গ্রিক জাহাজগুলো আবার যাত্রা করলো।
যখন তারা ট্রয়ের অন্যতম নদী সিময়েসের উৎসে পৌছালো,যিনি প্রথম তীরে পা রাখলেন তিনি ছিলেন প্রতেসিলাউস। এটি ছিলো অত্যন্ত সাহসী একটা কাজ কেননা ভবিষৎবক্তা বলেছিলেন যে , যিনি প্রথম ভূমি স্পর্শ করবেন তিনিই প্রথম মৃত্যু বরণ করবেন। কাজেই যখন প্রতেসিলাউ ট্রোজানদের তীরবিদ্ধ হয়ে মারা গেলেন গ্রিকরা তাকে এমন ভাবে সম্মান জানালো যেনো তিনি কোনো দৈব চরিত্র এবং দেবতারাও তাকে যথেষ্ট সমীহ করলেন।
হার্মিস (জিউসের বার্তাবাহক) তাকে তুলে আনলেন মৃতদের মাঝ থেকে ,তার শোকে মুহ্যমান স্ত্রী লাওডামিয়াকে দেখানোর জন্য। লাওডামিয়া তাকে দ্বিতীয়বার হারাতে চাইলেন না। যখন তিনি আবার ফিরে গেলেন পাতালরাজ্যে তার স্ত্রীও তার সহযাত্রী হলেন ; সে বেছে নিলো আত্মহত্যার পথ।

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

হেলেন অব ট্রয় ( পর্ব - ০৩ )

এপিয়াস নামে একজন দক্ষ ছুতার বা মুষ্টিযোদ্ধা সুবিশাল এই ঘোড়াটি তৈরি করেন। পলায়নের ভান করে গ্রিকরা জাহাজে করে নিকটবর্তী টেনিডোস দ্বীপে চলে গেলেন। যাবার সময় তারা সাইননকে সেখানে রেখে গেলেন। সাইনন ট্রয়বাসীকে বোঝাল যে, এই ঘোড়াটি এথিনাকে উপহার দেওয়া হয়েছে ট্রয় নগরকে অপরাজেয় করে তোলার জন্য। ট্রয়বাসী আনন্দ-উল্লাস করতে করতে ঘোড়াটিকে নগর-দেয়ালের অভ্যন্তরে নিয়ে এলো। তার ভেতরে আত্মগোপন করে থাকে উল্লেখযোগ্য সংখ্যক গ্রিক যোদ্ধা। বাইরে অপেক্ষা করতে থাকে গ্রিক বাহিনী। কিন্তু, এ’সকল কূটচালের কিছুই আঁচ করতে পারেনি ট্রয় অধিবাসী কিংবা ট্রয়ের কর্তাব্যাক্তিরা।

তাদের এই অদূরদর্শিতাই মূলত ধ্বংস ডেকে এনেছিলো ট্রয় নগরীর।

মহা-আনন্দে আর উৎসাহে সেই ঘোড়াটিকে রাজ্যের ভেতরে নিয়ে আসে ট্রয়বাসী। কিন্তু ভাগ্যের পরিহাস, রাতের গভীরে ঘোড়া থেকে বের হয়ে ট্রয়বাসীর ওপর অতর্কিত হামলা চালায় গ্রিকরা। খুলে দেয় নগরতোরণ। ট্রোজান যুদ্ধ ডেকে আনে অশেষ দুর্গতি।

গ্রিক সৈন্যরা ট্রয় রাজ্যে আগুন ধরিয়ে দেয় । মুহূর্তের মধ্যে লকলকে আগুন গ্রাস করে নেয় ট্রয়নগরী। ধ্বংসস্তুপে পরিণত হয় এককালের সাজানো সুন্দর ট্রয়নগরী।

ইতিহাস আর মিথোলজি, উভয় মাধ্যমই ট্রয় নগরী ধ্বংসের জন্যে হেলেনকেই দায়ী করে থাকে। ইউরিপিডিসের ‘ডটার্স অব ট্রয়’তে হেলেনকে দেখানো হয়েছে ‘তেড়ে আসা অভিশাপের সন্তান, ঈর্ষা ও খুনের সন্তান, পৃথিবীর লালিত প্লেগ মৃত্যুবিভীষিকা’ হিসেবে। কেনো? হেলেন আসলে নিয়তির ক্রীড়নক তিনি কি সর্বোপরি একজন নারী নন? হেলেন আসলে নিয়তির ক্রীড়নক। হেলেন অব ট্রয়কে আমার, ভালোবাসা বঞ্চিত, অস্থির এক নারীর প্রতিকৃতি বলেই মনে হয়। হোমারের ‘ইলিয়ড ও অডেসি’ কিংবা ইউরিপিডিসের ‘হেলেন’ এ যখন আমি মগ্ন হই, তখন আমি যেনো শুনতে পাই হেলেনের বুকের গভীরে শতবছর ধরে লুকিয়ে থাকা জমাট কান্নার নীরব গর্জন। অক্ষরের কালো আঁখরে, সীমাহীন নৈঃশব্দের মাঝে ভেসে বেড়ানো অশ্রনিনাদ। যুদ্ধ আর ধ্বংসের ঘন মেঘের দায় বারবার গিয়ে পড়েছে হেলেনের ওপর। হেলেন অব ট্রয়। যুদ্ধ মানে ট্রয়ের যুদ্ধ। ট্রোজান ওয়ার। কেনো? হেলেন অস্বভাবিক রকমের সুন্দর ছিলেন। ভালোবেসেছিলেন এক সুঠামদেহী সুদর্শন যুবককে। পালিয়েছিলেন প্রেমিকের হাত ধরে। এই কি তার অপরাধ ছিলো? তার প্রতি অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের পূনরাবৃত্তি ঘটেছিলো। এটাই কি তার অপরাধ? ট্রয় ধ্বংসের দায় কি শুধু নারীর ? গ্রীক নৃপতিরা কি নীল সাগরে তরী ভাসিয়েছিল শুধুমাত্র এক হেলেনের জন্য ? রাজ্য জয়ের লোভ কি তাদের ছিলনা ? দৃষ্টির অন্তরালে হেলেনের নারী মানসের অব্যক্ত অন্তর্বেদনার কথা কেনো উঠে আসে নি ইতিহাসের পাতায়? ইতিহাস কি এখানে একচোখা আচরণ করেনি?

পাদটিকা: প্রত্নতত্ত্ববিদগণ ট্রয় নগরীকে এর সময়কাল ও পুনর্গঠনের উপর ভিত্তি করে, নগরীর উত্থান এবং পতনকাল, ৯টি ভাগে বিভক্ত করেছেন।

1. ট্রয় ১: ৩০০০-২৬০০ খ্রিস্টপূর্বাব্দ (সময়কাল)
2. ট্রয় ২: ২৬০০-২২৫০ খ্রিষ্টপূর্বাব্দ
3. ট্রয় ৩: ২২৫০-২১০০ খ্রিষ্টপূর্বাব্দ
4. ট্রয় ৪: ২১০০-১৯৫০ খ্রিষ্টপূর্বাব্দ
5. ট্রয় ৫: বিংশ-অষ্টাদশ খ্রিষ্টপূর্বাব্দ
6. ট্রয় ৬: সপ্তাদশ-পঞ্চদশ খ্রিষ্টপূর্বাব্দ
7. ট্রয় ৬h: তাম্র সভ্যতার শেষ দিকে চতুর্দশশতাব্দী খ্রিষ্টপূর্বাব্দ
8. ট্রয় ৭a: মহা দুর্ঘটনাটি এই সমইএ ঘটে ১৩০০-১১৯০ খ্রিষ্টপূর্বাব্দ। ধারনা করা হয়, হোমারের কাব্যগ্রন্থে ট্রয়নগরীর এই রুপের বর্ণনাই দেওয়া হয়েছে।
9. ট্রয় ৭b¬1: দ্বাদশ খ্রিষ্টপূর্বাব্দ
10. ¬¬ট্রয় ৭b¬¬2 : একাদশ খ্রিষ্টপূর্বাব্দ
11. ট্রয় ৭b¬¬3: মহা দুর্ঘটনা ঘটার আগে পর্যন্ত ৯৫০ খ্রিষ্টপূর্বাব্দ
12. ট্রয় ৮: ৭০০ খ্রিষ্টপূর্বাব্দ এর দিকে
13. ট্রয় ৯ : ১০০ খ্রিষ্টপূর্বাব্দ

এদের মধ্যে ট্রয় ৬,৭ ও ৯ বিশেষভাবে উল্লেখযোগ্য।

ট্রয় ৬ : ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দএর দিকে ধ্বংস হয়ে যায়। যার মূল কারণ ছিল ভূমিকম্প।

ট্রয় ৭: ট্রয় নগরী একাধিকবার ধ্বংস হয়েছিল এবং পুনরায় তা গঠিত হয়েছিল। প্রত্নতত্তবিদ্গন ট্রয়-এর ৯টি ভিন্ন স্তর খুঁজে পেয়েছিল। ট্রয়-৬ এবং ট্রয়-৭কে ট্রোজান যুদ্ধের নিকটতম সাক্ষী মনে করা হয়। ট্রয়-৭ এর সময়েই ট্রয় ধ্বংস হয়েছিল । যার মূল কারণ বিখ্যাত ট্রোজান যুদ্ধ। ট্রয়-৭ ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দ-এ পূর্ণ রুপ লাভ করে এবং ১১৯০ খ্রিষ্টপূর্বাব্দে ধ্বংস হয়। নগরীটি প্রায় ১০০ বছর স্থায়ী হয়। এবং ৭০০ খ্রিষ্টপূর্বাব্দএ পুরোপুরি পরিত্যক্ত হয়। মনে করা হয়, নগরীটি যুদ্ধে ধ্বংস হয়েছিল। কিন্ত, এই বক্তব্যের স্বপক্ষে জোরালো এবং স্পষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি। খননের ফলে সেখানে শুধু একটি মানুষের মাথার খুলি, একটি বুকের হার আর একটি পূর্ণ কঙ্কাল পাওয়া যায়। আরও খননকার্য সেই উত্তর না পাওয়া প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। বেশীরভাগ প্রত্নতত্তবিদ্গন একমত যে, ট্রয় ৭ এর ধ্বংসেরর মূল কারণ ট্রোজান ওয়ার।

ট্রয় ৯: ট্রয় নগরির শেষ শহর। রোমান সম্রাট অগাস্টাসের সময় ট্রয় ৯ আবিষ্কৃত হয় এবং রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিনত হয়। কনস্টান্টিনোপল স্থাপিত হওয়ার পর এই নগরী বাণিজ্যিক ক্ষেত্রটি অপ্রয়োজনীয় হয়ে পরে এবং সম্রাট বাইজান্টাইন এর সময়ই এটি ক্রমে ক্ষয় প্রাপ্তির মাধ্যমে ধ্বংস হয়ে যায়।

(সমাপ্ত)

হেলেন অব ট্রয় ( পর্ব - ০২ )

রোমান সম্রাট অগাস্টাসের রাজত্বকালে প্রাচীন ট্রয় নগরীর ধ্বংসস্তুপের উপর ইলিয়াম নামে নতুন একটি শহর নির্মিত হয়। কনস্টান্টিনোপল প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত ইলিয়াম বিকশিত হয়েছে, কিন্তু বাইজান্টাইন রাজত্বের সময় ধীরে ধীরে এর পতন হতে থাকে।
১৮৭০ সালে জার্মান প্রত্নতত্ত্ববিদ হাইনরিশ শ্লিমান এই এলাকায় খনন কাজ শুরু করেন। এই খনন চলতে থাকায় এক সময় প্রমাণিত হয় যে, এখানে একের পর এক বেশ কয়েকটি শহর নির্মিত হয়েছিল। সম্ভবত এই শহরগুলোরই একটি হোমারের ট্রয় (ট্রয় ৭)। অবশ্য এ নিয়ে সন্দেহ আছে। কিন্তু এটা প্রায় নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে, হিত্তীয় রচনায় উল্লেখিত উইলুসা শহরটি এখানেই অবস্থিত ছিল। অনেকে মনে করেন ইলিয়ন এই উইলুসা নামেরই গ্রিক সংস্করণ। ট্রয়ের রাজা প্রায়াম এবং রানী হেকুবার দ্বিতীয় সন্তান এই প্যারিস। দ্বিতীয় পুত্রের জন্মের অল্পক্ষণে হেকুবা স্বপ্নে দেখে, সে পৃথিবীতে একটি জ্বলন্ত অগি্নশিখা আনতে যাচ্ছে, যে শিখা জ্বালিয়ে দেবে ট্রয় নগরী। সম্ভাব্য দুর্ভাগ্য তাদের পীড়িত করে, কিন্তু শিশুটিকে হত্যা করতে কুণ্ঠিত হয়। রাজা প্রায়াম শিশুটিকে আইডা পর্বতে রেখে আসে। এক রাখাল তাকে কুড়িয়ে নেয়, নিজ সন্তানের মতো লালন করে; আকর্ষণীয় ও সুদর্শন এই বালকের নাম রাখে প্যারিস।

পুরাণে আছে, প্যারিস যখন টগবগে যুবক, মার্মিডনসের রাজা পেলেউস ও সমুদ্রদেবী থেটিসের বিয়েতে যুদ্ধদেবী এরিস ছাড়া সবাই আমন্ত্রিত হয়। দেবতাদের পিতা জিউস, তার স্ত্রী হেরা, জ্ঞানদেবী অ্যাথিনা প্রেম ও সৌন্দর্যের দেবী আফ্রোদিতি বিয়েতে উপস্থিত। মূলত একটি সংকট সৃষ্টি করার জন্যই যুদ্ধদেবী এরিস একটি সোনালি আপেল ভোজের টেবিলে নিক্ষেপ করল; আপেলের গায়ে উৎকলিত ‘সুন্দরতম রমণীর জন্য’। আপেলের দাবি তিনজনেরই_ হেরা, অ্যাথিনা ও আফ্রোদিতি সৌন্দর্যে শ্রেষ্ঠত্বের গৌরব কেউ ছাড়তে সম্মত নয়। তাদের কলহ মেটাতে পিতা জিউস বার্তাদূত আইরিসকে বললেন, আপেলটি আইডা পর্বতের রাখাল প্যারিসকে দিতে। তার বিবেচনায় যে সুন্দরী শ্রেষ্ঠা, তাকেই যেন আপেলটি হস্তান্তর করে।

প্যারিস তখন মেষ চড়াচ্ছিলো। তিন দেবী আবির্ভূত হলেন। হেরা বলল, ‘আমি তোমাকে সবচেয়ে ধনী এবং সবচেয়ে ক্ষমতাশালী রাজা বানিয়ে দেব।’ অ্যাথিনা বলল, ‘আমি তোমাকে সবচেয়ে জ্ঞানী ও সবচেয়ে খ্যাতিমান মানুষে পরিণত করব।’ মিষ্টি হেসে আফ্রোদিতি বলল, ‘আমি তোমাকে দেব পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, যে তোমার স্ত্রী হবে।’ সিদ্ধান্ত নিতে দ্বিধা করেনি প্যারিস; তার চাই সুন্দরী রমণী। আপেল পেল আফ্রোদিতি। সন্তুষ্ট দেবী আফ্রোদিতি তার জন্য বরাদ্দ করল হেলেনকে আর ক্ষুব্ধ দেবী হেরা দিল সংকট।

দেবী হেরার কাছে নিজ পরিচয় পেয়ে প্যারিস পিতা প্রায়াম ও মাতা হেকুবার কাছে ফিরে গেল এবং রাজপুত্র হিসেবেই আবির্ভূত হলো। আফ্রোদিতি-প্রতিশ্রুত সুন্দরীর সন্ধানে প্যারিস সাগর পাড়ি দেবে। বোন ক্যাসান্ড্রা তাকে সতর্ক করল এবং অনুনয় করে বলল, এ যাত্রা ট্রোজানদের জন্য দুঃখ বয়ে আনবে।

১২৩০ সালের দিকে ট্রয়ের রাজপুত্র প্যারিস ও হেক্টর আসেন স্পার্টায় ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত চুক্তি সম্পন্ন করার জন্য। স্পার্টার রাজা মেনেলাউস প্যারিস ও হেক্টরকে সাদরে সম্ভাষন জানান। তাদের আগমনে রাজ্যকে লাল-নীল বাতিতে চমৎকারভাবে সাজানো হয়। নৈশভোজের বিপুল সমারোহের পর প্যারিস ও হেক্টরকে সবার সঙ্গেই পরিচয় করিয়ে দেন রাজা মেনেলাউস। প্রাসাদেই রাজপুত্র প্যারিসের দেখা হয় হেলেনের সঙ্গে। তার শরীরী রসায়নই তখন বলে দিল, এই সেই রমণী, মর্ত্যের সবচেয়ে সুন্দর সৃষ্টি, তাকে দেওয়া আফ্রোদিতির সেই প্রতিশ্রুত উপহার। প্যারিস ও হেলেনের প্রণয় ঘটে।

গোপনে গ্রীস ছেড়ে ট্রোজান জাহাজে করে এজিয়ানের নীল সমুদ্র পাড়ি দেন হেলেন আর প্যারিস।

চলে আসেন নগর সভ্যতার অনন্য উদাহরন, সাজানো সুন্দর ট্রয়ে। স্পার্টার রাজ্যে ছড়িয়ে পড়ে প্যারিস হেলেনকে অপহরণ করে ট্রয়ে নিয়ে গেছে।

হেলেনকে উদ্ধার এবং গ্রীসের সম্মান রক্ষার্থে প্রায় ১ হাজার জাহাজ নিয়ে ট্রয়ের উদ্দেশে রওনা দেয় গ্রিস-যোদ্ধারা। জাহাজ থেকে সর্বপ্রথম নেমে আসেন প্রসিদ্ধ গ্রিকবীর একলিস। নেমেই যুদ্ধ শুরু করেন একলিস ও তার সঙ্গীরা। প্রথম যুদ্ধেই ট্রয়নগরীর বন্দর দখল করেন নেয় গ্রিকরা। এভাবে টানা প্রায় ১০ বছর বন্দর ও রাজ্য অবরোধ করে রাখে গ্রিকরা। বিভিন্ন সময়ে যুদ্ধে নিহত হয় একলিসের ভাই উইরোরাস, প্যারিসের বড় ভাই ট্রয়বীর হেক্টর ও নাম না জানা উভয়পক্ষের হাজারও যোদ্ধা।

যুদ্ধে সহজে জয়লাভ না করতে পেরে গ্রিকরা আশ্রয় নেয় প্রতারণার । জন্ম নেয় ইতিহাসের এক জঘন্যতম প্রতারণার প্রতীক ট্রোজান হর্স।

হেলেন অফ ট্রয় (পর্ব - ০১)

হেলেন। হেলেন অব ট্রয় । দেবতাধিরাজ জিউসের কন্যা হেলেন। গ্রীক ও রোমান পুরাণের সর্বাধিক আলোচিত নারীচরিত্র। ভালোবাসা এবং জিঘাংসা, সৃষ্টি ও ধ্বংস, রাজকীয় বিশ্বাস আর শঠতা যে চরিত্রকে ঘিরে আবর্তিত হয়ে চলেছে সহস্র বছর ধরে। অনন্য সাধারণ অনুপম সৌন্দর্য যাঁকে বারবার পরিণত করেছে প্রেক্ষাগৃহের কুশীলবে। সেই হেলেন! গ্রীক-রোমান মিথোলজি আর বর্তমান প্রচলিত ইতিহাস যাঁকে দিয়েছে কামাসক্ত, পাপিষ্ঠার তবকা। কে এই হেলেন?

খ্রিস্টপূর্ব ১২১৪ অব্দ। স্পার্টার রাজা টিনডারেউস এবং তার স্ত্রী লেডার ঘর আলোকিত করে জন্ম নেয় এক ফুটফুটে কন্যাসন্তান। রাজকীয় জ্যোতিষ সেই শিশুটার নাম রাখেন হেলেন। মহাকবি হোমারের ‘ইলিয়ড ও অডেসি’ এবং ইউরিপিডিসের ‘হেলেন’-এর বর্ণনা অনুযায়ী টিনডারেউস বাহ্যত হেলেনের জনক হলেও প্রকৃত জনক দেবতাধিরাজ জিউস।কোন একদিন, জিউস তখন রাজহাঁসের বেশে ছিলেন। একটি ঈগল তাকে তাড়া করে। জিউস তখন লেডার আশ্রয় প্রার্থনা করেন। রাজহাঁস লেডার উষ্ণ সান্নিধ্যে আসে এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে। ফলশ্রুতিতে লেডা প্রসব করেন একটি ডিম। সেখান থেকে খোলস ভেঙে বেরিয়ে আসে হেলেন। ভ্যাটিকানের পুরাণ বিশেষজ্ঞরা মনে করেন, রাজহাঁস ও লেডার সঙ্গমে দুটো ডিম প্রসূত হয়। একটি জন্ম দেয় দুই বোন_ ক্লাইটেমেনেস্ত্রা এবং হেলেন; অন্যটি দুই ভাই; ক্যাস্টর এবং পুলক্স। অনেকে মনে করেন, এক ডিম থেকে বের হয়েছে তিনজন: দুই ভাই এবং বোন হেলেন।

কালের পরিক্রমা ক্রমাগত এগিয়ে চলে অনন্ত এক মহাপরিক্রমার অনিঃশেষ পথে..। ধীরে ধীরে স্বর্গীয় রূপ-লাবন্য আর অসাধারণ মোহনীয় নারীত্বের পূর্ণতা নিয়ে বেড়ে উঠতে থাকেন ট্রয় অব হেলেন। এই সময় আরেক চরিত্রের আবির্ভাব ঘটে ইতিহাসের রঙ্গমঞ্চে। তার নাম প্যারিস। মিথোলজির সুবিখ্যাত এজিয়ান সাগরের ওপারের এক নগরী ছিলো ট্রয়।

ইতিহাসবিখ্যাত ধ্বংসপ্রাপ্ত নগরীগুলোর মধ্যে অন্যতম। গ্রিক ভাষায় ট্রয়কে বলা হয় ‘ত্রোইয়া’ বা ‘ইলিয়ন’। লাতিন ভাষাই ‘ত্রুইয়া’ বা ‘ইলিউম’। হিত্তিয় ভাষাই ‘ওয়িলুসা’। ট্রয়ের তুর্কী নাম ত্রুভা। হোমারের ইলিয়াডে যে ট্রয়ের উল্লেখ রয়েছে সেটিকেই এখন ট্রয় নামে আখ্যায়িত করা হয়। এর অবস্থান আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক স্থানে। ট্রয়ের তুর্কী নাম ত্রুভা। অর্থাৎ, আধুনিক হিসারলিক-ই সেই প্রাচীন ট্রয় নগরী। এর ভৌগলিক অবস্থান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশের সমুদ্র সৈকতের নিকটে এবং আইডা পর্বতের নিচে দার্দানেলিসের দক্ষিণ পশ্চিমে।